রংপুরে চাউল বোঝাই ট্রাকে ডাকাতি, নিহত ২
রংপুর - দিনাপুর সড়কের রংপুরের তারাগঞ্জ উপজেলায় মঙ্গলবার গভীর রাতে একটি চাউল বোঝাই ট্রাকে ডাকাতির ঘটনায় দুইজন নিহত হয়েছে।
ডাকাতরা চলন্ত ট্রাক থেকে ড্রাইভার, হেল্পার ও চাল ব্যবসায়ীকে রাস্তায় ফেলে দিলে তাদের মধ্যে একজন নিহত হয়। ডাকাতদের ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে অপর এক ভ্যান চালক নিহত হয়।
নিহতরা হল পরেশ চন্দ্র (৪০) ও মনোরঞ্জন (৫৫)।
পুলিশ সূত্র জানায়, ঠাকুরগাও জেলার রুহিয়া থেকে দু’শ বস্তা চাল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রা ট- ১৪ ০৫০৭) মানিকগঞ্জে যাওয়ার পথে তারাগঞ্জ উপজেলায় পৌঁছালে ১৫/২০ জনের একদল সশস্ত্র ডাকাত একটি খালি ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। এরপর ডাকাত দল চাল বোঝাই ট্রাকটির ড্রাইভার, হেল্পার ও চাল ব্যবসায়ীকে মারধর করে খালি ট্রাকটিতে তুলে নিয়ে যায়।
অপর দিকে চাল বোঝাই ট্রাকটি ডাকাত দলের অপর সদস্যরা অন্য পথ দিয়ে নিয়ে যায়। খালি ট্রাকটি পার্বতীপুর যাওয়ার সময় একটি নৈশ কোচের যাত্রীদের নজরে পড়লে নৈশ কোচের চালক ট্রাকটিকে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে ডাকাত দল বদরগঞ্জ উপজেলার টেকশের হাট নামক স্থানে রাস্তার ওপর চাউল ব্যবসায়ী হারাধন চন্দ্র (৫০), ট্রাক চালক পরেশ চন্দ্র (৪০) ও হেল্পার সন্তোষ কুমারকে (৩০) রাস্তায় ফেলে দিলে ঘটনাস্থলে পরেশ চন্দ্র নিহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নৈশ কোচটি ধাওয়া খেয়ে ডাকাত দলের ট্রাকটি বেপরোয়া গতিতে চালতে থাকলে পার্বতীপুরের রাখাল পীরের মাজারের কাছে একটি রিক্সা ভ্যানকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নিহত হয় ভ্যান চালক মনোরঞ্জন (৫৫)। পরে স্থানীয় জনগণ আহত অবস্থায় বাশার (২৬), জসিম (২৫) ও মানিক (২২) তিন ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে পরিত্যক্ত অবস্থায় বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে চাউল বোঝাই ট্রাকটি উদ্ধার করে।
এব্যাপারে বদরগঞ্জ ও তারাগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
