হবিগঞ্জে পুলিশ হেফাজত থেকে ৩ জুয়াড়ি ছিনতাই, ৭ পুলিশ আহত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চানপুরে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরানো অবস্থায় তিন জুয়াড়িকে ছিনিয়ে নিয়েছে।
এ সময় সন্ত্রাসীদের হামলায় একজন এসআইসহ সাতজন পুলিশ কনস্টেবল আহত হন।
পুলিশ জানায়, নবীগঞ্জের চানপুর গ্রামে যাত্রা গানের নামে জুয়ার আসর চলছে এমন খবর পেয়ে বুধবার সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশ তিন জুয়াড়িকে আটক করলে, আটক জুয়াড়িদের সহযোগীসহ উপস্থিত দর্শকরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা হ্যান্ডকাপ পরানো অবস্থায় আটক তিন জুয়াড়িকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে সাত রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে বলে জানা গেছে।
হামলায় নবীগঞ্জ থানার এসআই সিরাজসহ সাতজন কনস্টেবল আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে পুলিশ অ্যাসল্ট ধারায় একটি এবং জুয়া আইনে আপর আরেকটি মামলা দায়ের করেছে।
