বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে সিইউজের কালো পতাকা প্রদর্শন
বাংলাদেশ প্রেস কাউন্সিলের (বিপিসি) চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) বুধবার কালো পতাকা প্রদর্শন করেছে।
সিইউজে’র সাংবাদিকদের কালো পতাকা মিছিল চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে যায়। সার্কিট হাউজে অবস্থানরত বিপিসি চেয়ারম্যানের সাথে দেখা করতে তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা তাদের বাধা দেয়।
নিরাপত্তা কর্মীরা বিক্ষোভ মিছিলের নেতৃত্বদানকারী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব মনজুরুল আহসান বুলবুলকে জানান, বৈঠকে ব্যস্ত থাকায় বিপিসি চেয়ারম্যান বিচারপতি আবু সাঈদ আহমেদ তাদের সাথে দেখা করতে পারবেন না।
সার্কিট হাউজে সে সময় বিপিসি চেয়ারম্যান ‘মানবাধিকার ও সাংবাদিকতার জন্য দিকনির্দেশনা’ সম্পর্কিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করছিলেন বলে জানা গেছে।
পরবর্তীতে এক সমাবেশে বক্তব্য দানকালে বিএফইউজে মহাসচিব মনজুরুল আহসান বুলবুল বলেন, দেশের মূলধারার সংখ্যাগরিষ্ঠ সাংবাদিকদের বাদ দিয়ে সাংবাদিকতার জন্যে দিকনির্দেশনা প্রণয়ন করার নামে বিপিসি চেয়ারম্যান তথাকথিত সাংবাদিকদের নিয়ে ভোজনে মত্ত রয়েছেন।
সাংবাদিকদের জন্যে দিকনির্দেশনা প্রণয়নে বিপিসি’র উদ্যোগকে প্রত্যাখ্যান করে বিএফইউজে নেতা সতর্ক করে দিয়ে বলেন, সাংবাদিক সম্প্রদায় এ ধরনের অশুভ তৎপরতা প্রতিরোধ করবে। তার ভাষায়, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে এটি করা হচ্ছে।
তিনি আরো বলেন, বিপিসি চেয়ারম্যানকে জাতীয় প্রেসক্লাবে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিএফইউজে’র সহসভাপতি অরুণ দাস গুপ্ত, সিইউজে সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক শাহিদুল আলম সমাবেশে উপস্থিত ছিলেন।
