কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থি দলের আঞ্চলিক নেতা নিহত
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের চাপাইগাছী বিলের কাছে বুধবার ভোরে পুলিশের ক্রসফায়ারে বিপ্লবী কমিউনিস্ট পার্টির এক নেতা নিহত হয়েছে।
নিহত চরমপন্থির নাম মঞ্জু (৪৫)। সে ঝাউদিয়া ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত আফছার মণ্ডলের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামি বিশ্ববিদ্যালয় থানা পুলিশ মঙ্গলবার সকাল ৬টার দিকে ঝিনাইদহের হরিনাকুন্ডু থানা থেকে গ্রেপ্তার করে।
মঞ্জুর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ইবি থানা পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য চাপাইগাছী বিলের পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মঞ্জুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের সময় মঞ্জু পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। পুলিশ জানায়, মঞ্জুর বিরুদ্ধে তিনটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
