২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ৩ ছাত্রলীগ কর্মী হত্যার জন্যে বিএনপি’র এমপি শহিদুলকে দায়ী করছে আ’লীগ

কুষ্টিয়ায় তিন জন ছাত্রলীগ কর্মী হত্যাকাণ্ডের জন্য প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ক্ষমতাসীন বিএনপি সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে দায়ী করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে মঙ্গলবার কুষ্টিয়া জেলা আ’লীগ আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলীয় নেতারা এই অভিযোগ করেন।

২৪ মার্চ কতিপয় সন্ত্রাসী কুষ্টিয়া জেলা মিরপুর থানার নওদা আজমপুর গ্রামের ফোরদিপুকুর মাঠে মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছানোয়ার হোসেন জীবন, সদরপুর ইউনিয়নের ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান এবং লিটন আলীকে হত্যা করে।

কুষ্টিয়া জেলা আ’লীগের সহ-সভাপতি মাহামুদুল আলম হানিফ সাংবাদিক সম্মেলনে একটি লিখিত বিবৃতি পাঠ করেন।

আ’লীগ নেতারা অভিযোগ করেন হত্যাকান্ডের মূল হোতাদের রক্ষা করতে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্ত চলছে।

তারা আরও বলেন, ক্ষমতাসীন দলের এমপি অধ্যাপক শহিদুল ইসলাম অত্যন্ত ক্ষমতাধর এবং প্রভাবশালী ব্যক্তি, তিনি দীর্ঘদিন যাবত আ’লীগ এবং অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার করে আসছে।

আ’লীগ নেতারা আরও অভিযোগ করেন, তিনি বিরোধী দলের কর্মীদের অযথা পুলিশ দিয়ে গ্রেপ্তার এবং মিথ্যা পুলিশি মামলার মাধ্যমে হয়রানি করেছেন। কেউ তার বিরোধিতা করলে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার অথবা তার পালিত সন্ত্রাসীদের দিয়ে নির্যাতন করেন।

তারা জানান, লালন শাহ সেতু নির্মাণে শহীদুল ইসলামের বাহিনী দিয়ে চাঁদাবাজি ও পাথর লুটপাটের ঘটনা বেশকয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।

আ’লীগ নেতারা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের এমপি ও তাদের আত্মীয়স্বজন এবং দলীয় নেতাকর্মীরা চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে মিলিত হয়ে টেন্ডারবাজির মাধ্যমে এলাকায় অরাজকতার সৃষ্টি করেছে।

তারা বলেন, শহিদুল ইসলাম একাধিকবার বিরোধী দল আয়োজিত সভায় ১৪৪ ধারা জারি করে তা পন্ড করিয়েছেন।

তারা বলেন, পরিশ্রমী ও ত্যাগী এই তিন ছাত্রলীগ নেতাকে শহিদুল ইসলামের লোকেরা প্রথমে হুমকি দেয় পরে তাদেরকে মোবাইল  ফোনে ডেকে নিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করে।

হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য শহিদুল ইসলাম ও তার পোষ্য পুলিশ বাহিনী এখন মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তারা।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, স্থানীয় আ’লীগ নেতা সাইদুল ইসলাম রানা, আরিফুল ইসলাম, তারেক আহমেদ এবং নাঈম হায়দারসহ অন্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।