কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা
কেরাণীগঞ্জের মুগারচর এলাকায় সোমবার রাতে যৌতুকের দাবিতে গৃহবধু জেবা খাতুন (২৮) কে পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায, কথা কাটাকাটর এক পর্যায়ে স্বামী মশিউর রহমান স্ত্রীকে মেরে হাত ভেঙ্গে দেয় এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জেবা কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার জামাল উদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, তিন বছর আগে একই গ্রামের মশিউর রহমানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী তাকে মারধর করতো। দুই সপ্তাহ ধরে তিন লাখ টাকার জন্য মশিউর জেবাকে চাপ দিতে থাকে। তারই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে স্থানীয়রা জানায়।
এব্যাপারে কেরানীগঞ্জ থানায় নিহতের বড় ভাই বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ঘাতক মশিউরকে গ্রেফতার করেছে।
