২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওসুমের ৪র্থ গ্রিড বিপর্যয়ে রাজধানীর অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যস্ত

গ্রিড বিপর্যয়ের কারণে সৃষ্ট মারাত্মক বিদ্যুৎ সংকটের ফলে সোমবার রাজধানীর বাণিজ্যিক কর্মকান্ডসহ সকল ধরনের কার্যক্রম ঘন্টার পর ঘন্টা স্থবির হয়ে পড়ে। এছাড়াও নগরবাসীকে পোহাতে হয় চরম দুর্ভোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশের প্রধান ব্যাবসায়ী প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দেড়ঘন্টা বন্ধ রাখতে হয়। প্রধান বাণিজ্য কেন্দ্র মতিঝিলের বাণিজ্যিক কার্যক্রম বিদ্যুৎ সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়। মতিঝিলে এ অবস্থা বিরাজ করে চারপাঁচ ঘন্টার মতো।

বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিউিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বিনিয়োগ বোর্ড, বেসরকারিকরণ কমিশন, অন্যান্য সরকারি সংস্থা, ব্যাংক এবং বিভিন্ন বেসরকারি সংস্থার দৈনন্দিন কার্যক্রম বিদ্যুৎ সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়।

কর্মকর্তারা বলেন, মানিকনগর--বঙ্গভবন ১৩২ কেভি লাইনের দু’টি সার্কিট সোমবার বেলা ১১ টা ও ১১টা ১৩ মিনিটে যান্ত্রিক কারণে নষ্ট হয়ে গেলে সংকটের সূত্রপাত হয়। আর এর ফলে চাপ পড়ে গিয়ে অন্যান্য লাইনের ওপর।

কর্মকর্তারা বলেন, দ্বিতীয় সার্কিট দুই মিনিটের মধ্যেই সচল করা হয়েছে। কিন্তু প্রথম সার্কিটটি সচল হয়েছে ১১টা ৪২ মিনিটে। এর ফলে মতিঝিল, কমলাপুর, পল্টন ও অন্যান্য এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

বিভিন্ন অফিসে কাজ চালানোর জন্যে বিকল্প উপায় হিসেবে জেনারেটরের ব্যবস্থা থাকলেও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেছেন, দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় জেনারেটরের ধারণক্ষমতাও একসময় শেষ হয়ে গেছে।

বিদ্যুৎ সংকটের কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে ডিএসই’র লেনদেন কার্যক্রম বেলা ১১টা ২০ মিনিট থেকে ১টা পর্যন্ত স্থগিত রাখেন। এ কারণে ডিএসই কর্তৃপক্ষ অফিস খোলা রাখার সময় ২টা থেকে বৃদ্ধি করে ৩টা পর্যন্ত ধার্য করে।

ডিএসই’র সভাপতি আব্দুল্লাহ বোখারী বলেন, আমাদের স্ট্যান্ডবাই জেনারেটরগুলোতে যান্ত্রিক ত্র“টি ছিল। আর তাই ব্যাপক বিদ্যুৎ সংকটের কারণে আমরা ব্যবসা--বাণিজ্য বন্ধ রাখতে বাধ্য হয়েছি।

তিনি বিডিনিউজকে বলেন, আজকাল বিদ্যুৎ বিভ্রাট একটি নিয়মিত ঘটনায় রূপ নিয়েছে। এটি দেশের প্রধান স্টক এক্সচেঞ্জে দৈনন্দিন লেনদেনকে মারাত্মকভাবে প্রভাবিত করে। অনেক সময় বিনিয়োগকারীরা সমস্যার কারণে লেনদেন করতে পারেন না।

সোমবার ডিএসই’র সূচক  ৬ দশমিক ৫৬১ পয়েন্ট কমে গিয়ে ১৫১৬ দশমিক ৬২৮ পয়েন্টে দাঁড়ায়।

কর্মকর্তারা বলেন, মধ্য ঢাকা ছাড়াও রাজধানীর অন্যান্য অংশও বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে।

কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ না থাকায় ধানমন্ডি এলাকার কয়েকটি স্কুল সোমবারের মতো ছুটি দিয়ে দেওয়া হয়।

শীতকাল শেষ হওয়ার পর থেকেই লোডশেডিংয়ের অত্যাচারে অতিষ্ঠ রাজধানীবাসীর জীবনযাত্রায় চলতি মৌসুমের চতুর্থ গ্রিড বিপর্যয় আরো দুর্দশা যোগ করেছে।

ঢাকা বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের (ডেসা) একজন কর্মকর্তা বলেন, সোমবার রাজধানীতেই বিদ্যুৎ ঘাটতি ছিল ৬০০ মেগাওয়াট। আর সারাদেশের বিদ্যুৎ ঘাটতির পরিমাণ ১,৫০০ মেগাওয়াটের কম হবে না।

কর্মকর্তারা বলেন, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বিদ্যুৎ ঘাটতি গত কয়েক দিনে বৃদ্ধি পেয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মতে, সারাদেশে প্রতিদিন বিদ্যুতের  চাহিদা হচ্ছে চার হাজার মেগাওয়াট আর সরবরাহ হচ্ছে ৩,৪৪৯ মেগাওয়াট। তবে বেসরকারিভাবে কর্মকর্তারা বলেছেন, সারাদেশের বিদ্যুতের দৈনন্দিন প্রকৃত চাহিদা হচ্ছে পাঁচ হাজার মেগাওয়াট।