সারাদেশে অসহনীয় হিট ওয়েভ, রাজধানীতে স্কুল ছুটি
সারাদেশে এখন বইছে মাইল্ড হিট ওয়েভ বা মৃদূ তাপ প্রবাহ। সেই সাথে ঘন ঘন লোড শেডিং জনজীবনকে করে তুলেছে অতিষ্ঠ। এ অবস্থায় শিশু শিক্ষার্থীদের কষ্ট দেখে ধানমণ্ডি এলাকার কয়েকটি স্কুল সকালেই ছুটি হয়ে যায়।
এছাড়া বিদ্যুতের অভাবে মতিঝিল অফিস পাড়া অচল হওয়ার উপক্রম হয়। ব্যবসা -- বাণিজ্য তথা লেনদেন ব্যাহত হয় মারাতœকভাবে।
আবহাওয়া অফিস জানায়, রোববার থেকে সারা দেশে শুরু হয়েছে হিট ওয়েভ। ওই দিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। সোমবার নগরীর তাপমাত্রা কমে ৩৫ দশমিক এক ডিগ্রি হলেও গরম কমেনি।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার ছিলো রাজশাহীতে (৩৭ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস)। আর সর্বনিু তাপমাত্রা ছিলো সৈয়দপুরে (১৮ ডিগ্রি সেলসিয়াস)।
একজন আবহাওয়াবিদ জানান, সূর্যের অবস্থান এখন উত্তর গোলার্ধে। ফলে সূর্যের তাপ পাওয়া যাচ্ছে একেবারে খাড়াভাবে। অন্যদিকে আকাশেও নেই তেমন মেঘ। এ কারণে গুমোট গরম ও তীব্র তাপ অনুভূত হচ্ছে।
জানা যায়, আগামী দুএকদিন হিট ওয়েভ চলতে থাকবে। এরপর বৃষ্টি হলে বা আকাশে মেঘ জমতে শুরু করলে তাপ প্রবাহ হবে স্বাভাবিক।
এদিকে তীব্র গরম ও বিদ্যুত না থাকায় রাজধানীর ধানমণ্ডির স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ’র (সোডা) দুটি শাখা সোমবার সকালেই ছুটি হয়ে যায়।
ওই স্কুলে পড়ছে, এমন এক শিক্ষার্থীর বাবা রেজাউল আহসান বিডিনিউজকে জানান, মেয়েকে স্কুলে দিয়ে আসার আধাঘন্টা পরেই স্কুল কর্তৃপক্ষ টেলিফোন করে জানায়, তীব্র গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে বলে তারা ছুটি দিতে বাধ্য হচ্ছেন।
ওই একই এলাকার সাউথব্রিজ কিন্ডারগার্টেনও বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়ে। তারা অবশ্য বিকল্প হিসেবে আইপিসি ব্যবহার করে বিদ্যালয় খোলা রেখেছে।
ওই স্কুলের একজন শিক্ষার্থীর মা শারমিন চৌধুরী বিডিনিউজকে জানান, সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ধানমণ্ডি এলাকায় বিদ্যুৎ ছিলো না।
আবহাওয়া অফিস জানায়, মাইল্ড হিট ওয়েভ বা মৃদূ তাপ প্রবাহ এখন খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, বগুড়া, চাঁদপুর ও রাঙ্গামাটি জেলায় অসহনীয় গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়, খুব শিগগিরই তাপমাত্রার পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে।
