জিয়ায় দর্শণার্থী প্রবেশ বন্ধ
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে দর্শণার্থী প্রবেশ টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে।
সূত্র জানায়, সম্প্রতি জেএমবি সদস্যরা আমেরিকার পিস কোরের কর্মকর্তাদের হত্যা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে হামলার হুমকি দেওয়ার প্রেক্ষিতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী জিয়ার কড়াকড়ি নিরাপত্তার স্বার্থে বিমান কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
জিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুল আউয়াল বিডিনিউজকে বলেন, ২২ মার্চ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই, এনএসআই, এসবি প্রধানগণসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মার্চ দুপুর ২ টার পর থেকে দর্শনার্থীদের জিয়ায় প্রবেশ টিকেট বিক্রি বন্ধসহ ভিআইপিদের সাথে অতিথিদের প্রবেশে কড়াকড়ি এবং বিমান বন্দর এলাকা রিক্সামুক্ত রাখার নির্দেশ কার্যকর করা হয়।
তিনি আরো বলেন, সম্প্রতি জঙ্গিদের হুমকির কারণে জিয়ায় নিরাপত্তার জোরদার করার এ উদ্যোগ নেয়া হতে পারে।
সূত্র জানায়, জিয়ায় দর্শনার্থী প্রবেশ টিকেট বিক্রি করে সরকারের প্রতিদিন দুই থেকে আড়াই লাখ টাকা রাজস্ব আয় হত।
