১ কোটি ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে ফিনিক্স ভবন মালিকের জামিন লাভ
রাজধানীর তেজগাঁওয়ে ফিনিক্স ভবন ধসের ঘটনায় মাত্র এক কোটি ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে ঢাকার সিএমএম আদালত থেকে সোমবার আসামীপক্ষ জামিন নিয়েছে। আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন না মঞ্জুর করে জামিন মঞ্জুর করেন আদালত।
হাইকোর্টের নির্দেশে আসামী পক্ষ টাকা জমা দেওয়ার পর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সুজায়েতউল্ল্যাহ আসামীদের জামিন শুনানি গ্রহন করেন। হাইকোর্টের পূর্ববর্তী আদেশ অনুযায়ি আসামীরা সোমবার আত্মসমর্পন করেন।
গত ১২ মার্চ দ্বীন মোহাম্মদ হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন জানালে সংশ্লিষ্ট বিচারপতি নিহত, আহত ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের শর্ত আরোপ করেন। আসামিপক্ষ তখন ৫০ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ক্ষয়ক্ষতির তুলনায় এই অর্থ সামান্য এবং কমপক্ষে তা পাঁচ কোটি টাকা হওয়া উচিত মন্তব্য করেন। পরে দুই সপ্তাহের সময় দিয়ে ঢাকার সিএমএম জালাল আহমেদকে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করে জমা করার শর্তে জামিন বিবেচনার আদেশ দেন।
নিহত ২২ জন শ্রমিকের প্রত্যেকের পরিবারকে তিন লাখ টাকা, মারাত্মক আহত তিন শ্রমিকের পরিবারকে দুই লাখ টাকা, সামান্য আহত ৪২ শ্রমিককে এক লাখ টাকা করে এবং অন্যান্য ক্ষতিগ্রস্থ প্রত্যেক শ্রমিককে ৫০ হাজার টাকা করে দেওয়ার জন্য সিএমএম আদালত থেকে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
দ্বীন মোহাম্মদের সাথে তার ছেলে শোয়েব, ফিনিক্স ভবনের অংশীদার এম এ মজিদ, ফিনিক্স মেডিক্যাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এমএ হাসান, ভবন নির্মাণ প্রকৌশলী দেলোয়ার হোসেন, ব্যবস্থাপক ফিনিক্স ফেব্রিকস সিরাজুল ইসলাম আত্মসমর্পন করেন। শুনানির পর প্রত্যেককে ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।
এদিকে আদালতে শুনানিকালে সরকারপক্ষে কোর্ট ইন্সপেক্টর আবদুল আজিজ খান বলেন, ফিনিক্স ভবনের জমি পুরোটাই জোর করে দখল করা। জমির মালিকানা নিয়ে বিরোধ আছে। জমির প্রকৃত মালিকানা নির্ধারণের জন্য তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমাণ্ড চেয়েছেন। কিন্তু ম্যাজিষ্ট্রেট ওই রিমাণ্ড আবেদন নামঞ্জুর করে আসামীদের জামিন মঞ্জুর করেন।
গত ২৫ ফেব্র“য়ারি সকাল ১০টায় তেজগাঁও শিল্প এলাকায় ফিনিক্স ভবন ধ্বসে ২২ জন শ্রমিক নিহত এবং শতাধিক শ্রমিক আহত হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করা হয়।
