২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী দিয়ে ভারত থেকে পাচার হওয়া মুরগী এদেশে বার্ড ফ্লু ছড়াতে পারে

রাজশাহী মহানগরীর পশ্চিমাঞ্চলের তিনটি বিডিআর সীমান্ত ফাঁড়ি চোরাচালান ঘাট বুলনপুর, আমিরপুর ও জিয়ানগর দিয়ে ভারত থেকে বার্ড ফ্লু আক্রান্ত মুরগীর বাচ্চা এদেশে পাচার হয়ে আসছে। এর ফলে এদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা কারা হচ্ছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 10:19 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সূত্র জানায়, কামাল, ভাষান, আলতাফ ও সফিকসহ আরও কিছু চোরাকারবারি এই তিনটি ঘাট পরিচালনা করে আসছে।

সূত্র জানায়, রাজশাহী অঞ্চলের পোল্টি ফার্ম মালিকরা ভারতীয় মুরগী চিনে ফেলার কারণে চোরাকারবারিরা তাদের কাছে বাচ্চা বিক্রি না করে দেশের অন্যান্য স্থানে বিক্রি করে। তবে দেশের অন্য অঞ্চলের ফার্ম মালিকরা বাচ্চা প্রতি ১০ টাকা কমে পাচ্ছে বলে তারা ভারতীয় মুরগী ক্রয় করছে।

সূত্র আরও জানায়, একটি বাচ্চা ভারত থেকে এদেশে বিক্রি করে চোরাকারবারিরা পাঁচ টাকা লাভ করে।

একজন চোরাকারবারি এক চালানে অন্তত ১ থেকে ১০ হাজার পর্যন্ত মুরগীর বাচ্চা ভারত থেকে পাচার করে আনে। প্রতিদিন বিডিআর এর চোখের সামনে দিয়ে চোরাচালান ঘাটগুলোতে এসব মুরগী পাচার হয়ে আসছে।

রাজশাহী সীমান্তের উল্লেখিত তিনটি ঘাট ছাড়াও আরও ৫০টি চোরাচালান ঘাট দিয়ে মুরগী পাচার করা হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, মুরতজা ও মোজাম নামের দুই ব্যক্তি ঘাটের টোল আদায়সহ প্রশাসনকে হাত করে বখরাও আদায় করে।

মুরগীর বাচ্চা বিক্রি বন্ধ করার জন্য ২২ মার্চ তদন্ত কমিটি গঠন করা হলেও তা এখনও পর্যন্ত কার্যক্রম শুরু করতে পারেনি।

২২ মার্চ রাজশাহী কাস্টমস গুদাম থেকে আটককৃত ১১ হাজার মুরগী রাজশাহী বিডিআর’র অধিনায়ক লেফটেনেন্ট ফেরদৌস পুড়িয়ে ফেলার জন্য কাস্টমসকে বললেও গুদাম কর্মকর্তা আব্দুল হালিম সেগুলো তড়িঘড়ি করে নিলামে বিক্রি করে দেন।

রাজশাহী কাস্টমস কমিশনার সুলতান মোহাম্মদ ইকবাল বিডিনিউজকে জানান, গুদাম কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যই তারা তদন্ত কমিটি গঠন করেছেন।

তিনি আরও জানান, এখন থেকে গুদাম থেকে কোন মুরগীর বাচ্চা বিক্রি করা হবে না।