২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জেএমবি সদস্য গ্রেপ্তারে পুলিশের ব্যর্থ অভিযান; মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ৩৩ যুবক আটক

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পলাতক জঙ্গিদের খোঁজে পুলিশ বাহিনীর তিনশ’ সদস্য কুমিল্লায় বৃহস্পতিবার রাতভর অভিযান চালালেও তারা কোন জঙ্গিকে গ্রেপ্তার করতে পারেনি। অবশ্য তারা শুক্রবার সকালে অনুমোদনবিহীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ৩৩ মাদকসেবী যুবককে আটক করে থানায় নিয়ে গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

জেএমবি’র কুমিল্লা জেলা কমান্ডার রঙ্গিল ওরফে সোহেলের দ্বিতীয় দফা রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পূর্বে রঙ্গিল জেলার হাউজিং এস্টেট এলাকায় বহুদিন বসবাস করেছে ও সেখানে এখনো জঙ্গিরা থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে সেখানে একটানা আট ঘন্টার অভিযান চালানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টায় জেলার ১৬টি থানা, রিজার্ভ ও গোয়েন্দা পুলিশের দল কুমিল্লা পুলিশ সুপার আওরঙ্গজেব মাহবুবের নির্দেশে বিশেষ অভিযান  চালাতে জেলার পুলিশ লাইন মাঠে একত্রিত হয়। রাত সাড়ে ১২টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার হাউজিং এস্টেট এলাকা জুড়ে বিশাল কর্ডন করে রাখে। ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঘরে ঘরে তল্লাশি চালানো হয়। জুমআ’র নামাজের আগে পুলিশ সুপার নিজে উপস্থিত হয়ে অভিযান প্রত্যাহার ঘোষণা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পুলিশ সুপার বলেন, এটি নিয়মিত অভিযানের অংশ।

এদিকে অভিযান চলাকালে পুলিশ হাউজিং এস্টেটে অবস্থিত বেশ কয়েকটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তল্লাশি চালায়। যেসব কেন্দ্রের কাগজপত্র সঠিক রয়েছে তাদের কাছে চিকিৎসাধীন মাদকাসক্তদের ছেড়ে দেওয়া হয় । তবে নীড় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কাগজপত্র সঠিক না থাকায় তাদের কাছে চিকিৎসাধীন ৩৩ জন মাদকাসক্তকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।  

রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত মাদকসেবী যুবকদের কোতয়ালী থানায় জিজ্ঞাসবাদ করা হচ্ছিল বলে থানা সূত্র জানায়।

গ্রেপ্তারকৃতদের কেউই সন্দেহভাজন অথবা জেএমবির সদস্য নয় বলে উর্ধতন এক পুলিশ কর্মকর্তা মন্তব্য করেছেন। তবে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ইফতেখার আহমেদ টিপু নামের এক যুবককে অভিযানের সময় গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

শুক্রবার বিকেলে কোতয়ালী থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।