টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৩৭
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগুরী ও টাঙ্গাইল সদরের খুদিরামপুর এলাকায় শুক্রবার বিকেলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, বাসাইল উপজেলার পাটখাগুরীতে বিকেল ৫টায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চারজন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পর আরো দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ২৮ জন।
অপর দুর্ঘটনায় টাঙ্গাইল সদরের খুদিরামপুরে সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। এঘটনায় আহত হয় আরো ৯ জন।
