সরকার ইউনিয়ন পরিষদসহ সকল প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ব্যাপারে দৃঢ প্রতিজ্ঞ: আব্দুল মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা না গেলে দেশের সুসম উন্নয়ন সম্ভব হবে না। বর্তমান সরকার ইউনিয়ন পরিষদসহ সকল প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ব্যাপারে দৃঢ প্রতিজ্ঞ।
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, বর্তমান সরকারই প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদের অনুকূলে থোক বরাদ্দ প্রদান করেছে।
সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নযোগ্য দাবিসমূহ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, যেসমস্ত দাবি বাস্তবায়নের সাথে অন্যান্য মন্ত্রণালয় জড়িত সে সকল বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চেয়ারম্যান সমিতির সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু, মহাসচিব আবুল হারিস রিকাবদার ও অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
