৪০ বছরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুইমিং পুল, জিমনেসিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স হয়নি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪০ বছর পরও এর শারিরীক শিক্ষা বিভাগ পূর্ণতা পায়নি।
বর্তমান জোট সরকার আমলেও দুই দফায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জিমনেসিয়াম, সুইমিংপুল, ক্রীড়া কমপ্লেক্স সহ নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্র“তি দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি। ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ওই বিভাগের কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের শুধুমাত্র একটি খেলার মাঠ রয়েছে। একটি পূর্নাঙ্গ শারিরীক শিক্ষা বিভাগে যেসব আধুনিক সরঞ্জামের প্রয়োজন, তার কিছুই সেখানে নেই।
প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে অনুশীলনকালে দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাড়িয়েছে। এমনই এক ঘটনায় ২০০১ সালে প্রশিক্ষনকালে আমিনুল হক নামে পদার্থ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী দূর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে ওই শিক্ষার্থী প্যারালাইজড হয়ে বর্তমানে শয্যাশায়ী রয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৯৮০ সালে তৎকালীন সরকার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম ও সুইমিং পুলের জন্য প্রায় এক কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়। ওই টাকায় শুধুমাত্র জিমনেসিয়ামের চারপাশে ৪০ ফুট উঁচু দেয়াল তৈরী করা হয়। ওই দেয়ালও কিছুদিন পর ভেঙ্গে পড়ে। কিন্তু জিমনেসিয়ামসহ অন্যান্য সুবিধা বৃদ্ধির জন্য কোনো অর্থের বরাদ্দ পাওয়া যায়নি।
বিএনপির বিগত মেয়াদকালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে জিমনেসিয়াম ও সুইমিং পুল স্থাপনের প্রতিশ্র“তি দিয়েছিলেন। এরপর ২০০৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে তিনি পুনরায় একই প্রতিশ্র“তি দেন। কিন্তু ওই সব প্রতিশ্র“তির একটিও বাস্তবায়িত হয়নি।
শারিরীক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক রাজিয়া বেগম বলেন, এই বিভাগের জন্য বিশ্ববিদ্যালয় প্রতি বছর ছয় লাখ টাকা বরাদ্দ দেয়। এ অর্থ প্রয়োজনের তুলনায় নিতান্তই সামান্য। বর্ষা মৌসুমে জিমনেসিয়ামের অভাবে অনুশীলন বন্ধ থাকে বলেও তিনি জানান।
বিভাগের পরিচালক এএমএম রকিব কোরেশী বলেন, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে শারিরীক শিক্ষা বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম চলছে না। বিভিন্ন সমস্যার পরও আমরা ভালো প্রশিক্ষন দেওয়ার ব্যবস্থা করেছি। এতে বিভিন্ন ইভেন্টে ফলাফল ভালো হচ্ছে।
