খারাপ স্বাস্থ্যের কারণে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ হারে ঝরে যাচ্ছে শিশুরা
শিক্ষা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বৃহস্পতিবার এক গোলটেবিল বৈঠকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে ৩৩ শতাংশেরও বেশি শিক্ষার্থীদের ঝরে যাওয়ার জন্য খারাপ স্বাস্থ্য পরিস্থিতিকে দায়ী করেছেন।
রাজধানীর ঢাকার স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সেভ দ্য চিলড্রেন (এসসি) ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নের জন্য রক্তশূন্যতা, মৃগী রোগ ও কৃমিসহ শিশুর স্বাস্থ্য ইস্যুগুলোর ব্যাপারে সরকারি ও বেসরকারি সংস্থার (এনজিও) পক্ষ থেকে সমন্বিত প্রচেষ্টার সুপারিশ করেন।
প্রাইমারি হেল্থ কেয়ারের লাইন ডিরেক্টর মো. মাহবুবুর রহমান গোলটেবিল বৈঠকে বলেন, স্কুলগামী শিশুদের স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়ন না ঘটানো গেলে বিদ্যালয়ে তাদের পাঠ সমাপ্তির হার বৃদ্ধি নিশ্চিত করা কঠিন।
দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম গোলটেবিল বৈঠকে সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তি হওয়ার হার হচ্ছে ৯৭ শতাংশ। আর তাদের মাত্র ৬৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের পড়াশুনা শেষ করতে পারে। খারাপ স্বাস্থ্য এক্ষেত্রে প্রধান কারণ হিসেবে কাজ করে। এর ফলে বিদ্যালয়ের পড়াশুনা শেষ করার হারও কমতে থাকে।
এসসি--ইউএসএ’র স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি বিভাগের পরিচালক ড. নিজাম উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ৫৬ শতাংশ শিশু রক্তশূন্যতায়, ২৫ শতাংশ মৃগীরোগ এবং ৪৯ শতাংশ কৃমিতে আক্রান্ত হয়।
তিনি বলেন, সমাজে ব্যাপক সচেতনতা ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এ সব সমস্যা সমাধানে সহযোগিতা করতে পারে।
এসসি--ইউএসএ’র শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা সিলেবাসে স্বাস্থ্য ইস্যুগুলো অন্তর্ভুক্ত করা উচিৎ। স্বাস্থ্য ও শিক্ষা কর্মীদেরও যুক্ত করার প্রয়োজন রয়েছে।
এনজিও ফোরাম ফর সেফ ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন এর নির্বাহী পরিচালক এমএ ফারুক বলেন, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে শক্তিশালী সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকলে তা উল্লেখিত সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে ভাল ফলাফল পাওয়া যাবে।
উন্নয়ন লক্ষ্য অর্জন করতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মাহফুজ আনাম বলেন, খাতভিত্তিক পদক্ষেপ গ্রহণে সরকারকে সুপারিশ করতে বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার উন্নয়ন ঘটানো যেতে পারে।
তিনি বলেন, এসব লক্ষ্য অর্জনে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে জড়িত করতে পারলে তারা অবদান রাখতে পারবে।
এসসি-ইউএসএ’র ডেপুটি আবাসিক পরিচালক অনুরাধা হরিনারায়ণ ও বাংলাদেশে বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) স্কুল ফিডিং প্রোগ্রামের প্রধান মাহি জাবিন মাসুদ গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন।
