২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের কয়েকটি শহরে শেতাঙ্গরাই সংখ্যালঘু হতে যাচ্ছে

ভারতীয় উপমহাদেশ বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশ থেকে স্বপরিবারে যুক্তরাজ্যে আগমনের প্রবাহ অব্যাহতভাবে বৃদ্ধির প্রেক্ষিতে লিস্টার, বার্মিংহাম, ব্রাডফোর্ড এবং উত্তর ইংল্যান্ডের ওল্ডহামের মতো যুক্তরাজ্যের কিছু কিছু শহরে শেতাঙ্গরা সংখ্যালঘুতে পরিণত হতে চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোবাশ্বের হাসান, যুক্তরাজ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 10:03 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

শেতাঙ্গরা যে যুক্তরাজ্যের কোনো কোনো শহরে এক দশকের মধ্যে সংখ্যালঘুতে পরিণত হবে এটি আগে থেকেই অনুমান করা হয়েছিল। কিন্তু এশিয়ার কয়েকটি সম্প্রদায়ের মধ্যে জন্মহার বৃদ্ধির কারণে ২০১১ সালের মধ্যে যুক্তরাজ্যের প্রথম শহর হিসেবে লিস্টারে অশ্বেতাঙ্গরা সংখ্যাগরিষ্ঠতা পাবে। আর অন্যান্য শহরে ২০১৬ সালের মধ্যে অশ্বেতাঙ্গরা (এথনিক) প্রাধান্য বিস্তার করতে সক্ষম হবে।

লন্ডনে এমন সাতটি পৌরসভা আছে যেখানে শ্বেতাঙ্গরা ইতোমধ্যে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। ২০০১ সালে এ সংখ্যাটি ছিল তিন। উত্তর - পশ্চিম লন্ডনের ব্রেন্ট এলাকায় সবচেয়ে বেশি অশ্বেতাঙ্গ লোক বসবাস করে। ব্রেন্টের মোট জনসংখ্যার ৬৯ শতাংশই হচ্ছে অশ্বেতাঙ্গরা।

রোসিয়াল ইকুয়ালিটি কমিশনের (সিআরই) চেয়ারম্যান ট্রেভর ফিলিপস বলেন, সাম্প্রদায়িক বিষয়ক পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়ে বলেছে, জনসংখ্যার ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন সামাজিক স্থিতিশীলতার প্রতি বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এ জন্যে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কোনো সম্প্রদায় জাতিগত সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে না পারায় এ শহরগুলো বহুজাতিক শহরে পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন।

যুক্তরাজ্যের মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে শরিয়া আইন কার্যকর করতে ইতোমধ্যে দাবী উঠেছে।

ব্রিটিশ সরকারের পরিসংখ্যান থেকে জানা গেছে, জনসংখ্যা বৃদ্ধি ও বসবাসের উদ্দেশে ব্রিটেনে আসা লোকজনের সংখ্যা বৃদ্ধির কারণে দেশটির শ্বেতাঙ্গ ও অশ্বেতাঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়গুলো দিনে দিনে একঘরে বা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কয়েক বছর আগে ওল্ডহাম ও ব্রাডফোর্ডে যে জাতিগত দাঙ্গার ঘটনা ঘটেছিল, তার পিছনে এই একঘরে হয়ে যাওয়া বিষয়টি প্রধান কারণ হিসেবে কাজ করে। কেননা, কোনো সংখ্যালঘু জাতি একঘরে বা বিচ্ছিন্ন হয়ে গেলে সমাজে অবিশ্বাস ও ভাঙ্গন দেখা দেয়।

ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের এমিরেটাস প্রফেসর জানান, এখন পর্যন্ত এটি একটি চমৎকার বৈচিত্র্যপূর্ণ সমাজ ব্যবস্থা বজায় রয়েছে। এটিকে সাদাকালো ইস্যুতে পরিণত করা উদ্ভট মনে হয়।