২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে ৫৭ বছর সাজাপ্রাপ্ত চরমপন্থি ক্যাডার নিহত

কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী গ্রামের পুরাতন গোরস্থানের কাছে বুধবার ভোরে গোয়েন্দা পুলিশের ক্রসফায়ারে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের ৫৭ বছর সাজাপ্রাপ্ত এক ক্যাডার নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

নিহত চরমপন্থির নাম মোমিন উদ্দিন (২৫)। সে কুষ্টিয়া কালিশংকরপুরের মৃত খবির উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশের দুজন কনস্টেবল আহত হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল চরমপন্থি ক্যাডার মোমিনকে মেহেরপুরের নওয়াপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে।

মোমিনের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গোয়েন্দা পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য লাহিনী গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মোমিনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় মোমিন পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, চার রাউন্ড তাজা গুলি ও কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

পুলিশ জানায়, মোমিনের বিরুদ্ধে চারটি হত্যাসহ ডজনখানেক মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে ৫৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল মোমিন।