২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধির কথা বললেন রাষ্ট্রপতি আব্দুল কালাম

ভারতীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার প্রস্তাব রেখে বলেছেন, “এতে করে মনের সংযোগ আরও বাড়বে”।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

নয়াদিল্লি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে ভারতীয় প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, “প্রত্যক্ষ যোগাযোগ মানসিক যোগাযোগের ক্ষেত্রকে আরও প্রসারিত করে।”

রাষ্ট্রপতি আব্দুল কালাম ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মধ্যকার এ বৈঠক ৩০ মিনিট স্থায়ী হয়। বৈঠকে আব্দুল কালাম দু’ দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর জন্য সড়ক, রেল ও আকাশ পথে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র এসএম খান জানান, ভারতের রাষ্ট্রপতি টেলিমেডিসিনসহ গ্রামীণ স্বাস্থ্য কর্মসূচির ব্যাপারে বাংলাদেশের সহযোগিতা চান।

রাষ্ট্রপতি ভারতের পিইউএআরএ (প্রোভাইডিং আরবান অ্যামিনিটিস ইন রুর‌্যাল অ্যারিয়াস) কৌশল সম্পর্কে খালেদা জিয়াকে অবহিত করেন। তিনি বাংলাদেশের মতো গ্রামীণ জনবহল দেশেও এটি কার্যকর হবে বলে উল্লেখ করেন।

বৈঠক সূত্র আরও জানায়, শীর্ষস্থানীয় দুই নেতার এ বৈঠকে পানিবণ্টনের ব্যাপারেও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।