২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার এসেনসিয়াল ড্রাগস কোম্পানি এখন ক্ষমতাসীন নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্র, বিগত সরকার আমলে নিয়োগ পাওয়া ৭০ জন চাকরিচ্যুত

ক্ষমতার পালাবদলে রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বগুড়ার এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতেও ঘটে বড় ধরনের পালাবদল। বিগত সরকার স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনায় অনেককে নিয়োগ দিয়েছিল। ঠিক তেমনিভাবে বর্তমান সরকার ক্ষমতায় এসে বিগত সরকার আমলে নিয়োগ পাওয়া ৭০ জনকে চাকরিচ্যুত করে নিজেদের লোকজনদের নিয়োগ দিয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 12:02 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

এখানে চাকরি পাবার প্রধান যোগ্যতা হাওয়া ভবনে কর্মরতদের আত্মীয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের কাছের মানুষ, বিএনপি নেতাদের শ্বশুর, শ্যালক এবং সংসদ সদস্যদের সার্টিফিকেট।

বিগত সরকারও স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনায় বেশ কিছু লোককে নিয়োগ দিয়েছিল। এমনকি ওই সময়ে গোপালগঞ্জেরও বেশ কিছু লোককে নিয়োগ দেওয়া হয়েছিল।

একটি সূত্র জানায়, প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় জনবলের অধিক সংখ্যক বিএনপি নেতাদের আশীর্বাদপুষ্টদের চাকরি দেওয়ায় প্রতিষ্ঠানটি প্রতিমাসে লাখ লাখ টাকা অতিরিক্ত বেতন গুণছে। অনেকেই এ অতিরিক্ত কর্মচারী - কর্মকর্তাদের চাকরি দেওয়াকে বিএনপি সমর্থকদের পুনর্বাসন হিসেবে আখ্যা দিচ্ছে।

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রীয় ওই ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কয়েকজন চাকরিচ্যুত কর্মকর্তা জানান, বিগত সরকারের সময়ে সেখানে যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পদে তাদের নিয়োগ দেওয়া হয়।

তারা অভিযোগ করেন, ২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর কারখানায় ছাটাই শুরু হয় এবং দলীয় লোকদের পুনর্বাসন চলে। কোম্পানির উর্ধ্বতন ব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার রফিকুর রহমান স্বাক্ষরিত পত্রে বিভিন্ন সময়ে অন্তত ৭০ জনকে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করা হয়।

সূত্র জানায়, ওই প্রতিষ্ঠানে ২৭০ জনের মত পদ থাকলেও বর্তমানে ছয় শতাধিক ব্যক্তি কাজ করছে। সেখানে বিএনপির প্রভাবশালী নেতার নামে ১০০ জন, ছয়টি আসনের সাংসদদের প্রত্যেকের নামে ১০ জন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত আগামী নির্বাচনে সাংসদ প্রার্থীর কয়েকজন সমর্থক, জেলা বিএনপির শীর্ষ কয়েকজন নেতার শ্বশুর ও শ্যালক, হাওয়া ভবনের সাবেক ও বর্তমান কর্মীর দু’ভাই, বিআরটিসির পরিচালনা পর্ষদের এক কর্মকর্তার শ্যালক ও বগুড়া পৌরসভার একজন ওয়ার্ড কমিশনারকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়। এদের অনেকেই ঠিকমত দায়িত্ব পালন করেননা। সকালে অফিসে এসে খাতায় স্বাক্ষর করে গেটপাস নিয়ে বের হয়ে যান। এখানকার সিবিএ নেতারাও ক্ষমতাসীন দলের। অতিরিক্ত নিয়োগ দেওয়ার কারণে এক টেবিলে ৪/৫ জন করে বসতে হয়। অডিট টিম এলে অতিরিক্ত কর্মকর্তা - কর্মচারীদের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়।

এ ব্যাপারে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের ম্যানেজার (এডমিন) আ.স.ম. ওয়াসিক বিল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি দলীয় লোকদের নিয়োগের ব্যাপারে অস্বীকার না করলেও বলেছেন, নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিগত সরকার আমলে নিয়োগ দেওয়া গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার ৭০ কর্মকর্তা - কর্মচারীকে চাকরিচ্যুত করা প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজন না থাকায় কর্তৃপক্ষ তাদের বিধি মোতাবেক ছাঁটাই করেছে।

তবে প্রয়োজন না থাকার কারণ দেখিয়ে ছাঁটাইয়ের কথা বললেও তাহলে কেন ওই শূন্য পদগুলোতে অতিরিক্ত নিয়োগ দেওয়া হলো এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।