পিরোজপুরের জিয়ানগরে অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকান্দী বাজারে রোববার রাতে এক অগ্নিকাণ্ডে প্রায় ৮০ টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার রাত পৌনে সাতটার দিকে বাজারের বাবুল মিস্ত্রির ফার্নিচারের দোকানের মোমবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সারা বাজারে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় নির্মাণাধীন কলেশ্বর ব্রিজের ব্যবহৃত পাওয়ার পাম্প দিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করা হয়। অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর পিরোজপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। এরপর ভাণ্ডারিয়া, ঝালকাঠি, কাঁঠালিয়া ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সম্মিলিত চেষ্টায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ ভবন ও ডাকঘর এবং চালের আড়ৎ, গুদাম, বস্ত্র ও জুয়েলারিসহ প্রায় ৮০ টি বিভিন্ন দোকান ও বসতঘর পুড়ে যায়। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।
আগুন নেভানোর সময় পিরোজপুর ফায়ার সার্ভিস কর্মী আর্শেদ আলী (৫২), ব্যবসায়ী ফারুক হোসেন এবং এক পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়।
