২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আদিবাসী ও বাঙালি ভূমিহীনরা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন!

গাজীপুর জেলার কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের আন্দারমানিক ভূমিহীন গ্রাম এখন উচ্ছেদের মুখে। একটি প্রভাবশালী মহলের চাপে গ্রামটির প্রায় ১০০ আদিবাসী বর্মন ও বাঙালি ভূমিহীন পরিবার এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিপ্লব রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ওই গ্রামটির সামান্য ভিটেমাটি রক্ষার সংগ্রামে আদিবাসী -- বাঙালি একাট্টা হয়ে এরই মধ্যে সৃষ্টি করেছেন উদাহরণ। তবু তারা এখনো জানেন না শেষ পর্যন্ত তাদের ভবিষ্যত কী। তাদের প্রশ্ন, ভূমিহীন হওয়ার ‘অপরাধে’  গ্রাম থেকে উৎখাত হয়ে গেলে, আমরা পরিবার -- পরিজন নিয়ে যাবো কোথায়?

সরেজমিনে গ্রাম ঘুরে জানা যায়, ১১ একর খাস জমিতে ১৯৮১ সালে গড়ে ওঠে ওই ভূমিহীনদের গ্রাম। ক্ষেত মজুর সমিতি নেতৃত্ব  দেয় ভূমিহীনদের খাস জমি দখলে। সেখান থেকে উৎখাত করার জন্য মামলা মোকদ্দমার ঝক্কিও কম ছিলো না।  তবে ভূমিহীনদের পক্ষেই শেষ পর্যন্ত আদালতের রায় আসে। পরে তারা নিজেরাই গড়ে তোলে আন্দারমানিক ভূমিহীন সমবায় সমিতি। কিন্ত এতো বছরেও আদিবাসী বর্মন ও বাঙালি দিনমজুর মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়নি ভূমির ওপর। বার বার আবেদন করেও তারা খাস জমির বন্দোবস্তি পাননি।

নিজের সমস্যার কথা বলতে গিয়ে ভূমিহীন সমবায় সমিতির সভাপতি তমিজ উদ্দিন (৬০) বিডিনিউজকে জানান, কিছুদিন আগে ওই গ্রামের একপাশে জমি কিনে একটি প্রভাবশালী মহল ‘ল্যাবাস টেক্সটাইল মিল লিমিটেড’ গড়ে তোলে। মিলটির সীমানা প্রাচীর করার সময় তারা গ্রামের নয়টি ভূমিহীন বাঙালি পরিবারকে উচ্ছেদ করে।

তিনি জানান, সর্বশেষ গত ৫ মার্চ দিনে দুপুরে দলবল নিয়ে হামলা করে গ্রামটির ওপর। এতে আহত হয় অন্তত: ১৫ জন। তারা গ্রামটির বর্ষিয়ান নেতা মনিন্দ্র চন্দ্র বর্মনকে লোহার রডদিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। দা -- শাবল দিয়ে কুপিয়ে মাটির ও টিনের ঘরের  দেওয়াল ক্ষতিগ্রস্থ করে।

বাতাসী দেবী বর্মনের (৬৫) প্রশ্ন, গরিব বলে আমরা কি মানুষ না? তিনি বলেন, আমরা তো সরকারের জমি দখল করে কোনো রকমে বেঁচে আছি। এই বেঁচে থাকার অধিকারটুকুও কি আমাদের নেই?

রওশনারা বেগম (৩০) বলেন, কেনো আমাদের সমিতির নেতা মনিদাকে পিটিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে? কী তার অপরাধ? আমাদের অপরাধই বা কী?

আদিবাসী নেতা পিযুষ কান্তি বর্মন (২৫) অভিযোগ করে বলেন, আমাদের পাশে পুলিশ বা প্রশাসন কেউ -- ই নেই।  ওই হামলার পরে আমরা কালিয়াকৈর থানায় গেলে পুলিশ প্রথমে মামলা নিতে চায় নি।

তিনি বলেন, পরে ল্যাবাস টেক্সটাইল মিল কর্তৃপক্ষ ১৩ মার্চ ছয়জন গ্রামবাসীর বিরুদ্ধে চাঁদাবাজী ও প্রাণনাশের চেষ্টার অভিযোগএনে ‘মিথ্যা’ মামলা করে। ওইদিনই আমরা মিলটির মালিক জনৈক সালমান খানসহ ছয়জনের বিরুদ্ধে পাল্টা মামলা করি। কিন্তু এর কোনো প্রতিকার এখনো হয়নি।

কলেজ ছাত্র সুশীল চন্দ্র বর্মন জানান, তারা এখন পালা করে রাত জেগে গ্রামটি পাহারা দিচ্ছেন।

গ্রামটি ঘুরে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও লেখক সঞ্জিব দ্রং বলেন, এখানে যা চলছে, তা হচ্ছে স্রেফ জবরদস্তি। 

তিনি বলেন, আমরা চাই এ বিষয়ে প্রশাসন যথাযথ ভূমিকা পালন করবে। তারা ভূমিহীন গরীব মানুষের পক্ষে দাঁড়াবে।