২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু, আরো ১ শিশু নিখোঁজ; কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই

বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র রোববার এখবর জানায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 03:48 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

রাতব্যাপী এই অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রনিক সামগ্রীর গুদাম পুড়ে গেছে। ওই গুদামে টেলিভিশন ও ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ছিল। আগুনে একটি বস্তির বেশ কিছু ঘর ও একটি মদের দোকান পুড়ে যায় । প্রায় ১৮ ঘন্টা চেষ্টার পর রোববার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিভিন্ন ফায়ার স্টেশনের ১৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল।

শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কাজী নজরুল ইসলাম রোডের বস্তির একটি ঘরের মোমবাতি থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তেই তা পাশ্ববর্তী মদের দোকান ও ভিক্টরি ইলেকট্রনিক্স এর চারতলা গুদামে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর বলেন, অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরো এক শিশু নিখোঁজ রয়েছে। তিনি আরো বলেন, ওই দুই শিশুর নাম জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, টেলিভিশন ও ফ্রিজের গুদামে আগুন লাগার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেশ বেগ পেতে হয়।

প্রাথমিকভাবে জানা গেছে ওই গুদামের প্রায় চার হাজার ফ্রিজ পুড়ে গেছে।

সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ ও শরাফতউল্লাহ জানান, আগুন লেগে কলেজ কোয়ার্টারে দুই শিক্ষকের কাছে থাকা কলেজের পরীক্ষার খাতা টেবুলেশন শিট পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি।