যশোরে থেকে যুববান্ধব হাসপাতালের কার্যক্রম শুরু, সারা দেশে বাস্তবায়ন করা হবে ২৩টি পাইলট প্রকল্প
যশোর থেকে শুরু হলো বাংলাদেশ যুববান্ধব হাসপাতালের কার্যক্রম। দেশের ২৩টি স্থানে পাইলট প্রকল্প হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আগে পৃথিবীর তিনটি দেশে এ হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে।
পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্যোক্তরা জানান, সেভ দ্য চিলড্রেন--ইউএসএ, হাসাব কনসোর্টিয়াম ও যশোর জেনারেল হাসপাতালের সহায়তায় বেসরকারি সংস্থা আদ--দ্বীন এ কার্যক্রম পরিচালনা করবে।
সূত্র আরো জানায়, যুববান্ধব হাসপাতালে যুবক--যুবতী, কিশোর--কিশোরীদের জন্যে আলাদা ইউনিট থাকবে। তারা এই ইউনিট থেকে এইচআইভি--এইডস, এসটিটি, বয়ঃসন্ধি সম্পর্কিত স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, গর্ভ সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে সম্পূর্ণ গোপনীয় পরিবেশে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সেবা প্রদান করবেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. হাসান আল মামুন। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন যুববান্ধব হাসপাতাল প্রকল্পের প্রধান মেজর জেনারেল আব্দুল মতিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহাদত হোসেন, ডা. আব্দুস সেলিম, ডা. এমাদুল হক প্রমুখ।
