রাজশাহীর দূর্গাপুরে বাংলা ভাই এর নির্যাতনে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু
জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও তার ক্যাডারদের বর্বর নির্যাতনে প্রায় দু’বছর আগে আহত রাজশাহীর দুর্গাপুরের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদদস্য আজাহার উদ্দিন শুক্রবার গভীর রাতে মারা গেছেন।
তিনি দূর্গাপুর উপজেলার কিশমত গনকৌড় ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন।
এলাকাবাসী জানায়, ২০০৪ সালের ২০ এপ্রিল বাংলা ভাই ও তার ক্যাডার বাহিনী আজাহার উদ্দিনকে দুর্গাপুরের কয়ামাজামপুর গ্রামের নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
পরে তাকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে গাছের ডালের সাথে ঝুলিয়ে বাংলা ভাই ও তার ক্যাডাররা পিটিয়ে গুরুত্বর জখম করে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি পঙ্গুত্ব বরণ করেন এবং এ অবস্থায় শুক্রবার রাত আড়াইটার দিকে মারা যান।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন মৃত আজহার আলীকে সংগঠনের কায়ামাজামপুর শাখার নেতা বলে দাবি করেছেন।
