জিয়া বিমানবন্দরে আন্তর্জাতিক সন্ত্রাসী সন্দেহ বিদেশী নাগরিক গ্রেপ্তার
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ শুক্রবার বিকেলে জাল পাসপোর্টসহ একজন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, গ্রেপ্তারকৃতর নাম জেরি এনডি ভিক্টর (২৬)। লাইবেরিয়ার নাগরিক ভিক্টর দক্ষিণ আফ্রিকার একটি জাল পাসপোর্ট নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইটে (বিজি ০৫১) শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু বিকেল ৫ টার দিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তাকে সোপর্দ করা বিমানবন্দর থানা পুলিশের কাছে।
গ্রেপ্তারকৃত নিজেকে ফুটবলার হিসেবে পরিচয় দিয়েছে। তার ভাষ্য মতে, এক বছর আগে সে আবহানী ক্লাবের সদস্য হয়েছিলো।
এদিকে ভিন্ন একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যোগসাজস রয়েছে, গোয়েন্দা পুলিশের (এসবি) এমন তথ্যের ভিত্তিতেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আটক করে। আটকের পর একাধিক সামরিক -- বেসামরিক গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।
জানা যায়, কিছুদিন আগে জেরি এনডি ভিক্টর লাইবেরিয়া থেকে নানা দেশ ঘুরে ভারত ও নেপাল হয়ে বাংলাদেশে প্রবেশ করে। গত ১২ মার্চ বাংলাদেশ থেকে দুবাই যান। কিন্তু ভিসা না থাকায় দুবাই সরকার তাকে সে দেশে প্রবেশ করতে দেয়নি। এরপর তিনি আবারো বাংলাদেশে ফিরে আসেন। এদেশে মসিস নামে তার একজন দেশী বন্ধুর মাধ্যমে ওই জাল পাসপোর্টটি সংগ্রহ করেন।
লাইবেরিয়া, ভারত ও নেপালে বহুদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা সক্রিয়। আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানের সঙ্গেও এ সব গ্র“পের যোগসাজস রয়েছে।
উপ পুলিশ কমিশনার (উত্তর) ওবায়েদুল হক এ ব্যাপারে বিডিনিউজকে জানান, এসবির তথ্যের ভিত্তিতে ওই বিদেশী নাগরিককে আটক করা হয়।
তিনি জানান, জাল পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন পুলিশের দায়ের করা মামলায় জেরি এনডি ভিক্টরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সে নিজেকে একজন ফুটবলার বলে পরিচয় দিয়ে বলেছে, একবছর আগেও সে আবহানী ক্লাবের সদস্য ছিলো।
তিনি আরো জানান, তার সম্পর্কে বিস্তারিত খোঁজ -- খবর নেয়া হচ্ছে।
