একবিংশ শতাব্দীর নীতি হল সারভাইভাল অব দ্য ফিটেস্ট: কুয়েট সমাবর্তনে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, একবিংশ শতাব্দীর নীতি হল ‘সারভাইভাল অব দ্য ফিটেস্ট’। তাই বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতার বিকল্প নেই।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞান চর্চা, লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে বিশ্ব প্রতিযোগিতায় আমাদের এগিয়ে যেতে হবে। বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ মানব সম্পদ সৃষ্টির মাধ্যমে জাতীয় অগ্রগতিতে অবদান রাখতে হবে।
রাষ্ট্রপতি দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তরের জন্য মেধা বিকাশের জন্য উদ্যোগ, বিশ্বমানের শিক্ষাক্রম, মেধাবী ও প্রশিক্ষিত শিক্ষক, শিক্ষার উপযুক্ত পরিবেশ, এবং শিক্ষার্থীদের নিরন্তর প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
পরে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এর আগে তিনি সমাবর্তনের আনুষাঙ্গিক কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক ও কুয়েট উপাচার্য অধ্যাপক ড. এহসানুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা সিটি মেয়র শেখ তৈয়বুর রহমান, সংসদ সদস্য আলী আসগর লবীসহ জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, ১৯৭৪ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করে বর্তমান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে বিআইটি এবং ২০০৩ সালে পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে।
