দৈনিক আমার দেশ’র সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) বৃহস্পতিবার দৈনিক আমার দেশ’র সম্পাদক, প্রকাশক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আমার দেশ পত্রিকার সাপ্তাহিক ব্যাঙ্গ ম্যাগাজিন ভীমরুলে আইনজীবীদের কটাক্ষ করে ‘আইনজীবী ফাইনজীবী’ শিরোনামের প্রচ্ছদ কাহিনীতে ক্ষুব্ধ হয়ে ঢাকার দুই আইনজীবী এসএম নজরুল ইসলাম ও রায়হান মোর্শেদের দায়ের করা মানহানির মামলায় পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম অভিযুক্ত সম্পাদক আমানুল্লাহ কবীর, প্রকাশক মো. হাসমত আলী ও প্রতিবেদক মাসুদ কামালের বিরুদ্ধে তাদের অনুপস্থিতিতেই মামলায় অভিযোগ গঠন করেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৩ আগস্ট ভীমরুলে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আইনজীবীদ্বয় ১৮ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পৃথক দু’টি মানহানি মামলা দায়ের করেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
কিন্তু জামিন নেওয়ার পরে চারটি ধার্যকৃত তারিখে অভিযুক্তরা আদালতে অনুপস্থিত থাকেন। তাদের পক্ষে বিভিন্ন কারণ দেখিয়ে হাজিরার জন্য সময় চাওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার আদালত তাদের বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং মামলার দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২/১০৯ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আগামী ১৮ এপ্রিল মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
