বখাটে যুবকের সাথে ভাগ্নির বিয়ে দিতে অস্বীকার করায় মামা খুন
বখাটে যুবকের সাথে ভাগ্নির বিয়ে দিতে অস্বীকার করায় মামাকে শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম অরুণ চন্দ্র রায় (৩৫)।
রংপুরের বাহার কাছনা এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন হত্যাকারী গৌতমকে আটক করে র্যাবের হাতে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার তপোধন ইউনিয়নের রামগোবিন্দ গ্রামের জামিনী চন্দ্র রায়ের পুত্র অরুণ চন্দ্র রায় দুপুরে শহর থেকে বাড়ি ফেরার পথে বাহার কাছনা বাজারের কাছে পৌঁছলে গৌতম তাকে আটক করে রাম দা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
এরপর বিক্ষুব্ধ জনতা গৌতমের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। নিহতের মা জোসনা রানী জানান, তার কিশোরী নাতনীকে ঘাতক গৌতমের ছোট ভাই উত্তম কলেজে যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো এবং সে তাকে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু পরিবার এটি মেনে না নেয়ায় তার পুত্রকে প্রাণ দিতে হল।
অরুণের লাশ ময়নাতদন্তের জন্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
