২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় গ্রেপ্তার আলমগীর যেভাবে জেএমবি’র সঙ্গে যুক্ত হলো

কুমিল্লায় জেএমবি’র শীর্ষ নেতা শায়ক আব্দুর রহমানের ছেলে নাবিলের সঙ্গে  র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত বগুড়ার আলমগীর তার জেএমবি’র সদস্য হওয়ার নেপথ্য কাহিনী প্রকাশ করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

শেরপুরের শেরুয়া দহপাড়ায় তাদের বাড়ি। সাত ভাইয়ের মধ্যে আলমগীর ৬ষ্ঠ।

স্থানীয়রা জানিয়েছে, ছেলেবেলা থেকেই সে অত্যন্ত মেধাবী এবং ধর্মভীরু। কোনো গৃহশিক্ষক ছাড়াই আলমগীর বগুড়া ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০১ সালে জিপিএ ৪ দশমিক ৫০ পেয়ে এসএসসি পাশ করে। এইচএসসি  পাস করার পর সে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে রসায়নে ভর্তি হয়।

বাবার জমিজমা বিক্রি করে এবং বড় ভাইয়ের টাকায় তার পড়াশুনার খরচ চলতো। লেখাপড়ার সময়ই আহলে হ্যদিস সম্প্রদায়ের আরেক সদস্য বাবুর সাথে তার পরিচয় হয় এবং তার মাধ্যমেই সে জেএমবি’র কার্যক্রমে জড়িয়ে পড়ে। এসময় আলমগীর তার পরিবারের সাথেও সম্পর্ক শিথিল করে দেয়।

জানা যায়, জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আলমগীরকে প্রশিক্ষণ দিয়ে জেএমবি’র শীর্ষ বোমা বিশেষজ্ঞ করে তোলা হয়।

এদিকে আলমগীরদের পরিবারের আদি বাড়ি সিরাজহঞ্জের কাজিপুর থানার যুক্তিগাছা চরে হওয়ায় সেখান থেকে নদীপথে জামালপুরের মাদারগঞ্জে শায়খ আব্দুর রহমানের বাড়িতে তার যাতায়াতের মধ্য দিয়ে শায়খের পরিবারের সাথেও তার সখ্য গড়ে ওঠে।

আলমগীর জেএমবি’র মিশন নিয়ে সেনাবাহিনীতে অফিসার পদে ভর্তি পরীক্ষ দিলেও দাড়ি না কেটে অংশগ্রহণ করায় তাকে চূড়ান্ত পরীক্ষা থেকে বাতিল করা হয় বলে তার পরিচিতরা জানায়। তবে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার পর আত্মগোপন করে সে দাড়ি কেটে ফেলে।

এদিকে আলমগীর র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ায় তার পরিবার সদস্যরা দুঃখ পায়নি বরং বলেছে, আলমগীরের কাছে পরিবারের অনেক আশা ছিল। সে সব ভঙ্গ করেছে। ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।