২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছর ধরে নগরীর ‘মুক্তি খেলাঘর’র কণ্ঠরোধ করে রেখেছে প্রভাবশালীরা

রাজধানীর সূত্রাপুরের মোহিনী মোহন দাস লেনের ‘মুক্তি খেলাঘর আসরের’ কণ্ঠ রোধ করে রেখেছে প্রভাবশালীরা। একটি প্রভাবশালী মহল চার বছর ধরে সংগঠনের প্রায় এক বিঘা আয়তনের একটি খেলার মাঠ দখল ও তার ওপর প্রতিষ্ঠিত কার্যালয়টি বন্ধ করে রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

এলাকার একমাত্র খেলার মাঠ দখল ও সংগঠনের সংগঠনের কার্যালয়টি বন্ধ রাখায় কয়েকশ’ শিশু শিল্প -- সংস্কৃতি ও খেলাধুলার চর্চা করতে পারছে না। এতে এলাকার প্রায় সব শিশুরই মানসিক বিকাশের পথ বন্ধ হয়ে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয় লোকজন ও খেলাঘরের কর্মকর্তারা বিডিনিউজকে জানান, সূত্রাপুরের ৩ নম্বর মোহিনী  মোহন দাস লেনে ১৯৭৩ সালে কেন্দ্রীয় খেলাঘর আসরের শাখা সংগঠন হিসেবে মুক্তি খেলাঘর আসর প্রতিষ্ঠিত হয়।

পুরোনো জমিদার বাড়ি হিসেবে পরিচিত ওই স্থানে প্রায় এক বিঘা  আয়তনের খেলার মাঠ ও এর একপাশে স্থাপিত হয় খেলাঘরের কার্যালয়। সরকারের পরিত্যক্ত সম্পত্তি হিসেবে জায়গাটি লিজ নেওয়া হয় সংগঠনের নামে।

সর্বশেষ ১৯৯৫ সাল পর্যন্ত ওই সংগঠনের নামে এর রাজস্ব পরিশোধ করা হয়।

২০০১ সালে সরকার পরিবর্তনের পর স্থানীয় একটি প্রভাবশালী মহল খেলাঘরকে রাজস্ব পরিশোধের সুযোগ না দিয়েই এর খেলার মাঠটি দখল করে নেওয়া চেষ্টা করে। তারা কয়েক দফায় মাঠটি দখলের উদ্যোগ নিলেও স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে ব্যর্থ হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, বর্তমানে ওই মহলটি মাঠটি লিজ নেওয়ার কথা বলে আত্মসাতের চেষ্টা করছে। তারা পরিকল্পনা নিয়েছে মাঠটিকে প্লট বানিয়ে বিক্রি করে দেওয়ার।

মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসী ও স্থানীয় শিশুরা এলাকায় মানববন্ধন, মিছিল ও পোস্টারিং করেছে।

স্থানীয় ওয়ার্ড কমিশনার ও মুক্তি খেলাঘরের সভাপতি মোহাম্মদ সাহিদ বিডিনিউজকে জানান, প্রভাবশালীদের দখল প্রচেষ্টার কারণে চার বছর ধরে সেখানে সংগঠনের সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে তো বটেই, এমন কি প্রভাবশালীরা মাঠ দখল করে এলাকার পরিবেশ বিনষ্ট করার চেষ্টাও করছে।

তিনি জানান, মাঠটি রক্ষার জন্য জেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে আবেদন করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র ও স্থানীয় সাংসদ সাদেক হোসেন খোকার হস্তক্ষেপে মাঠটি দখলের চেষ্টা এখন রয়েছে সাময়িকভাবে বন্ধ।

তিনি মাঠটি রক্ষা করে এলাকার পরিবেশ রক্ষা ও শিশুদের মানসিক বিকাশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।