২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন কলেজ অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ, ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ

ইডেন কলেজ অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা এবং মঙ্গলবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের সকল আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

সিট বরাদ্দ নিয়ে অব্যাহত ছাত্রী আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ সোমবার এ ঘোষণা দেয়।

এদিকে আন্দোলনরত ছাত্রীরা হল ত্যাগ না করার হুমকি দিয়েছে।

‘ছাত্রদল নেত্রীদের অবৈধ সিট বাণিজ্যের’ প্রতিবাদে সাধারণ ছাত্রীদের ছয়দিন ধরে আন্দোলনের পর কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের দাবি না মেনে ওই নির্দেশ দেন। কলেজ বন্ধ এবং হল ত্যাগের নোটিশ পেয়ে ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে জানান, তারা হল ত্যাগ করবেন না।

অন্যদিকে সামগ্রিক ঘটনা তদন্তে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি রিপোর্ট দিতে নির্ধারিত ১৫ দিনের পর আরো সাতদিন সময় চেয়েছে বলে কমিটির আহ্বায়ক এবং খোদেজা খাতুন হল সুপার জুলেখা খাতুন জানিয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত আন্দোলনরত ছাত্রীরা ইডেন কলেজের সামনে আজিমপুরের রাস্তা অবরোধ করে রাখে।

এদিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে অন্দোলনরত ছাত্রীরা অধ্যক্ষ ফিরোজা বেগমের সাথে কথা বলতে চেয়ে ব্যর্থ হয় বলে তারা জানান।   

আন্দোলনরত ছাত্রীরা জানান, তাদের দাবি ছিলো-- ছাত্রদল নেত্রীদের মাধ্যমে অবৈধভাবে সিট বরাদ্দ বন্ধ এবং এর সাথে জড়িতদের বহিষ্কার। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি সাড়া না দিয়ে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার ইডেন কলেজের খোদেজা খাতুন হলে (পুরাতন হল) ছাত্রদল নেত্রীদের অবৈধভাবে ছাত্রী তোলা এবং বৈধ ছাত্রীদের হল থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে এ আন্দোলন গড়ে ওঠে।