কুমিল্লায় আত্মঘাতী বিস্ফোরণে ৪জন নিহত
কুমিল্লায় সোমবার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর একজন গুরুত্বপূর্ণ নেতাকে র্যাব সদস্যরা ঘিরে ফেললে সে বোমার বিস্ফেরণ ঘটিয়ে একটি বাড়ি উড়িয়ে দেয়। এতে সেসহ তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিহত হয়েছে।
এ ঘটনায় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল ও অপর এক জঙ্গি আলমগীর গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব সদস্যরা ওই জেএমবি নেতাকে বার বার আত্মসমর্পন করার আহ্বান জানালে সে বিস্ফোরণ ঘটিয়ে শুধু নিজেকেই উড়িয়ে দেয়নি বরং তার স্ত্রী ও সন্তানদেরকেও হত্যা করে। নিহত ওই জেএমবি নেতা মোল্লা ওমর বলে পরিচিত। তার নাম সাকিল ওরফে সাগর।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, র্যাব সদস্যরা তাদের আত্মসমর্পনের আহ্বান জানালে মোল্লা ওমর র্যাবকে উদ্দেশ্য করে বলে, আমি শায়খ রহমান নই এবং তার মত আমি আত্মসমর্পন করব না।
বেলা ২টা ৪০ মিনিটে বিষ্ণুপুরের দুইতলার ওই বাড়িতে পর পর তিনটি বিস্ফোরণ হয়। তার দুই শিশু সন্তানের হাত পা উড়ে গেছে। অন্য দুজনের দেহও ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।
ওই অভিযানে অংশ নেয়া একজন র্যাব কর্মকর্তা জানান, এটি খুবই ভয়ঙ্কর। আমরা জানি, একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে মারতে পারে। কিন্তু সে যে তার সন্তানদের এভাবে মেরে ফেলবে তা বিশ্বাস করতে পারিনি।
র্যাব কর্মকর্তারা জানান, তারা জেএমবি’র মজলিশ ই শূরার সদস্য খালেদ সাইফুল্লাহ এবং সালাউদ্দিনকে ধরতে সোমবার ভোরে এই অভিযান শুরু করে।
অভিযানের শুরুতে বিষ্ণুপুরের রওশন ভিলা থেকে র্যাব সদস্যরা জেএমবি’র এহসার সদস্য আব্দুস মিন্টু তার স্ত্রী খালেদা আখতার রানী এবং তার দুই সন্তান- তালেব ও কোজামকে আটক করে।
তার স্বীকারোক্তি মোতাবেক র্যাব সদস্যরা জেএমবি’র জেলা কমান্ডার মোস্তাফিজুর রহমান সোহেল, আসাদুজ্জামান ও লিটনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চারটি গ্রেনেড, বিপুল পরিমাণ তার, ব্যাটারি, ডেটোনেটর গান পাউডার এবং বিস্ফোরক উদ্ধার করা হয়।
তারা স্বীকার করে যে, জেএমবি নেতারা বিষ্ণুপুরের খালিয়াজুরির ওই বাসায় অবস্থান করছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা সাকাল ৭টায় ওই বাড়িটি ঘিরে ফেলে। পরে মোল্লা ওমর আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।
