জেএমবি নেতা সালাউদ্দিনকে ঘিরে ফেলেছে র্যাব
জেএমবি’র মজলিশ ই শূরা সদস্য সালাউদ্দিনকে গ্রেপ্তার করতে র্যাব কুমিল্লার একটি বাড়িতে সোমবার অভিযান অব্যাহত রেখেছে। বাড়ি ঘেরাও করার সময় জঙ্গিরা র্যাবকে লক্ষ করে বোমা নিক্ষেপ করলে কমপক্ষে চার র্যাব সদস্য আহত হয়েছে। ধারণা করা হচ্ছে ওই বাড়িতে সালাউদ্দিন অবস্থান করছে।
আহত র্যাব সদস্য গোলাম নবী (২৬) ও মাসুদুজ্জামনকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমার স্পিন্টার বিদ্ধ হয়ে তারা আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সালাউদ্দিনকে গ্রেফতারের উদ্দেশ্যে র্যাব দুপুর ১২ টা ১৫ মিনিটে কুমিল্লার ওই বাড়িটি ঘেরাও করে। শায়খ রহমান ও বাংলা ভাইয়ের গ্রেফতারের পর সালাউদ্দিনই জেএমবি’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে বলে ধারণা করা হচ্ছে।
সালাউদ্দিন ওই বাড়িতে অবস্থান করছে, এ ধারণা থেকে পুলিশ, দাঙ্গা পুলিশ, দমকল বাহিনীর কর্মীরা বাড়িটি চারদিকে ঘিরে ফেলে।
সূত্র জানায়, এর আগে ভোরে র্যাব কুমিল্লা শহরে সালাউদ্দিন ও শায়খ রহমানের ছেলে নাভিলকে ধরার জন্য একটি অভিযান চালায়। সেখান থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে র্যাব জেএমবি’র চার নেতা ও এক নারী ও দুই শিশুকে আটক করেছে এবং চারটি গ্রেনেড, প্রচুর তার, ব্যাটারি ও ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার করেছে।
র্যাবের হাতে আটক জেএমবি সদস্যরা হচ্ছে, জেএমবি’র জেলা কমান্ডার সোহেল, এহসার সদস্য আব্দুস সামাদ, আসাদুজ্জামান ও লিটন। র্যাব সামাদের স্ত্রী খালেদা ও দুই শিশু তাইয়েব ও কাজেমকেও আটক করেছে।
প্রায় তিনশ’ র্যাব সদস্যের রাতব্যাপী অভিযানে তাদের আটক করা হয়।
র্যাবের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুন্সেফ কোয়ার্টারে ভোরে বাড়ি বাড়ি তল্লাশি চালায়। তল্লাশি চালানোর সময় র্যাব সদস্যরা রওশন ভিলা থেকে সকাল ৭টা ১০ মিনিটে এক জেএমবি নেতাকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী শহরের অন্যান্য এলাকা থেকে অপর সদস্যদের গ্রেফতার করে।
