মহিউদ্দনের পদোন্নতির বিরোধিতা করায় রাবি’র বিএনপি - জামায়াতপন্থি শিক্ষকরা তাহের হত্যার ষড়যন্ত্র করে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এস তাহের আহমেদের হত্যা রহস্য এখন অনেকটায় স্পষ্ট। ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের শিক্ষক ড. মহিউদ্দিনের অবৈধ পদোন্নতিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি একদল শিক্ষক ড. তাহের হত্যার ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়।
সেই সাথে এই হত্যাকাণ্ডে শিবির নেতা সালেহীর জড়িত থাকার বিষয়টিও কারো কাছে অজানা নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৪২১তম প্ল্যানিং কমিটির সভার একদিন আগেই বিভাগের প্রবীন শিক্ষক ড. এস তাহের আহমেদকে খুন করা হয়।
এই সভার এক সিদ্ধান্ত থেকেই স্পষ্ট হয় যে, ড. তাহেরকে খুনের দায়ে অভিযুক্ত শিক্ষক ড. মহিউদ্দিনের পদোন্নতিকে ঘিরে ওই বিভাগের শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছেছিল।
সভার ২’র গ নম্বর সিদ্ধান্তে বলা হয়, ড. মহিউদ্দিনের বারবার যুগপৎভাবে কর্তৃপক্ষের কাছে আবেদনের কারণে বিভাগের ভাবমূর্তি এবং শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ড. এস তাহের আহমেদ হত্যাকাণ্ডের পরের দিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি প্ল্যানিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কমিটির সাত সদস্যের মধ্যে তিনজন শিক্ষক উপস্থিত ছিলেন। ড. তাহেরের লাশ তখন ম্যানহোলে। আর বাকী তিনজন শিক্ষককে সভায় উপস্থিত না থাকার জন্যে হুমকি দেওয়া হয়।
সূত্র জানায়, প্ল্যানিং কমিটির ৪২১তম সভার প্রধান এজেন্ডা ছিল ড. মহিউদ্দিনের প্রফেসর পদের পদোন্নতির বিষয়টি। সভাটিতে সদস্যদের কেউ উপস্থিত না হলে উপাচার্য তার ক্ষমতাবলে ড. মহিউদ্দিনের পদোন্নতি নিশ্চিত করতে পারতেন। সে লক্ষ্য পূরণের জন্যে প্ল্যানিং কমিটির সদস্যদের অনুপস্থিতি নিশ্চিত করতে তৎপরতা চালান রাবির বিএনপি জামায়াতপন্থী সুবিধাবাদী ক’জন শিক্ষক।
সুবিধাবাদী এ গ্র“পটির পরিকল্পনা অনুযায়ী রাবি ছাত্রশিবিরের ক’জন সুবিধাবাদী ছাত্রকে হুমকি প্রদানের কাজে লাগানো হয়। আর মিটিংয়ের একদিন আগেই খুন করা হয় ড. এস তাহের আহমদকে।
প্ল্যানিং কমিটির ওইদিনের সভায় প্রফেসর বদরুল ইসলাম, প্রফেসর মুশফিক আহমদ ও প্রফেসর এম আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। উপস্থিত এই তিন শিক্ষকের মধ্যে প্রফেসর বদরুল ইসলাম ড. মহিউদ্দিনের অত্যন্ত ঘনিষ্ট বলে জানা যায়।
অন্য দুই শিক্ষকের সাথে ড. তাহেরের সুসম্পর্ক ছিল। ওই সভায় উপস্থিত থাকবেন বলে ড. তাহের ঢাকা থেকে কমিটির কয়েকজন সদস্যকে জানিয়েছিলেন।
তার ঘনিষ্ঠ সহকর্মীদের তিনি আরো জানান যে, ড. মহিউদ্দিনের নানান অনিয়ম নিয়ে তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন। যা প্ল্যানিং কমিটির সভায় উপস্থাপন করবার কথা ছিল। এমনকি তিনি এ বিষয়ে মিডিয়ার কাছেও মুখ খুলতে চেয়েছিলেন। এসব তথ্য ড. তাহেরের পরিবার সূত্রে জানা গেছে।
কিন্তু সেই প্রতিবেদনটি যে ট্রাভেল ব্যাগে করে তিনি নিয়ে এসেছিলেন তা হত্যাকাণ্ডের পরে আর পাওয়া যায়নি। এই সভায় অনুপস্থিত ছিলেন প্রফেসর হামিদুর রহমান, প্রফেসর এম হাবিবুর রহমান ও প্রফেসর মো. শফিকুল আলম।
ব্যক্তিগত কাজে এ তিন শিক্ষক সেদিন উপস্থিত থাকতে পারেননি বলে জানালেও ওই বিভাগের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান যে, প্ল্যানিং কমিটির সভায় উপস্থিত না হওয়ার জন্যে শিক্ষকদের হুমকি দেওয়া হয়েছিল। সে সময় তারা প্রাণ রক্ষাকেই অধিক গুরুত্ব দিয়েছেন।
প্ল্যানিং কমিটির সভায় উপস্থিত না হওয়ার জন্যে কারা হুমকি দিয়েছিল তা জেনে গেছেন দেশের শীর্ষ এক গোয়েন্দা সংস্থা, তদন্তকারী পুলিশ কর্মকর্তারা ও তদন্তকাজে নিয়োজিত ডিবি পুলিশ।
তদন্ত কাজে নিয়োজিত একটি সূত্র থেকে জানা গেছে, ড. তাহেরকে হত্যা ও অন্যান্য শিক্ষকদের হুমকি প্রদানের নেপথ্যে ছিলেন রাবি’র উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একজন প্রফেসর, রসায়ন বিভাগের একজন প্রফেসর ও সহযোগী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগের একজন প্রফেসর, মার্কেটিং বিভাগের একজন প্রফেসর ও ভূত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ড. মহিউদ্দিন। এই গ্র“পের নেতৃত্বে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের একজন প্রবীণ অধ্যাপক।
একসময় বাম রাজনীতি করা ওই শিক্ষক এখন বিএনপিতে শরীক হয়ে জামায়াতের পক্ষে কাজ করেন। এই গ্র“পটির চাপেই রাবির উপাচার্য প্রফেসর ড. আলতাফ হোসেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ভঙ্গ করে বিভাগীয় প্ল্যানিং কমিটিকে পাশ কাটিয়ে ড. মহিউদ্দিনের প্রফেসর পদের ফাইলটি প্রসেস করার সুপারিশ করেন।
এই সুবিধাবাদী শিক্ষক গ্র“পের সদস্যরা রাবি শিক্ষক ক্লাবের বারান্দার একটি নির্দিষ্ট স্থানে প্রতিদিন সন্ধ্যার পর একত্রে বসতেন। ওই ক্লাবেই নিয়মিত যাওয়া - আসা করেন এমন ক’জন জাতীয়তাবাদী গ্র“পের শিক্ষকদের সূত্রে জানা গেছে ড. তাহের হত্যাকাণ্ডের দিন ১ মার্চ সন্ধ্যায় ওই সুবিধাবাদী শিক্ষক গ্র“পের সদস্যদের দেখা যায়নি। হত্যাকাণ্ডের পরেও তারা ক’দিন ক্লাবে অনুপস্থিত ছিলেন।
ড. তাহেরের লাশ ৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮ টায় রাবির পশ্চিমপাড়ায় তার ২৩/এ নম্বর বাসার ম্যানহোলে পাওয়া যায়। পরের দিন এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্র - শিক্ষকদের যে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় তার অগ্রভাগে ব্যানার হাতে পাশাপাশি ছিলেন ড. মহিউদ্দিন ও একই বিভাগের ছাত্র শিবির সভাপতি মাহবুব সালেহী।
সুবিধাবাদী ওই শিক্ষক গ্র“পের পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডের বিচার দাবীর আন্দোলনও তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন। লাশ উদ্ধারের পরের ৪দিন তাদের নিয়ন্ত্রণেই ছিল আন্দোলন - সংগ্রাম।
এরই মাঝে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে প্রকৃত খুনীরা গ্রেপ্তার হয় এবং তাদেরকে রিমান্ডে নেয়ার ফলে ড. মহিউদ্দিন ক্যাম্পাসে নানান অসঙ্গতিপূর্ণ আচরণ শুরু করেন।
গার্ড জাহাঙ্গীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য প্রকাশিত হলে ড. মহিউদ্দিন ঘাবড়ে যান এবং তিনি ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন ডাকেন। সেদিনই তাকে পুলিশ সন্দেহমূলকভাবে গ্রেপ্তার করে। সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর এবং ড. মহিউদ্দিনকে রিমান্ডে নিয়ে মুখোমুখি করা হলে শিবির সভাপতি মাহবুব সালেহীরও জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে পরিস্কার হয়ে যায়।
মাহবুব সালেহী ভূ -তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মাস্টার্সের ছাত্র। গোয়েন্দা সূত্র জানিয়েছে, তাকে মাস্টার্সের প্রথম বিভাগে উত্তীর্ণ করে রাবির শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার টোপ দিয়েছিল সুবিধাবাদী ওই শিক্ষক গ্র“প।
কিন্তু ১৬৪ ধারায় গার্ড জাহাঙ্গীর ও নাজমুলের জবানবন্দি সে পরিকল্পনা ভেস্তে দেয়। ফলে খুনীদের রক্ষা করতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামে ওই শিক্ষক গ্র“পটি।
তারা শুরুতেই ড. মহিউদ্দিনের সার্ভিস বুকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে ফেলার চেষ্টা চালায়। সংবাদ মাধ্যম যাতে কোনো তথ্য না পায় সে ব্যাপারে রাবি প্রশাসনকে দিয়ে কড়াকড়ি আরোপ করা হয়।
একইসঙ্গে তারা ইসলামী ছাত্র শিবিরকে রাজপথে নামায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকির মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চলমান সাধারণ ছাত্র - ছাত্রীদের আন্দোলনকে স্তিমিত করার চেষ্টা চালায়।
একই পরিকল্পনা অনুযায়ী তারা ড. তাহের হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার শিক্ষকদের বিরুদ্ধেও অসত্য প্রপাগাণ্ডা শুরু করে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশ প্রশাসনের ওপর চাপ দিয়ে এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে ওই প্রভাবশালী সুবিধাবাদী শিক্ষক গ্র“প।
লাশ উদ্ধারের ৭দিন পর তারা বৃহত্তর রাজশাহী অঞ্চলের শিবিরের কর্মীদের জড়ো করে নগরীর কেন্দ্রস্থলে সালেহীকে উপস্থিত করে বীরদর্পে চ্যালেঞ্জ ছুড়ে পুলিশের ক্ষমতা থাকলে সালেহীকে গ্রেপ্তার করুক। তারা এখনো ড. তাহেরের খুনীদের বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অ্যাডভাইজরি: এই রিপোর্টের প্রতিটিই এক একটি স্বতন্ত্র ও সিরিজ রিপোর্ট
