মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত অর্ধ শতাধিক
ঢাকা - বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার কালিবাড়ী এলাকায় রোববার বিকেল ৩টায় দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সাথে মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দ্রা পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চন্দ্রা পরিবহনের চালকসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো অর্ধশতাধিক লোক।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হল- চন্দ্রা পরিবহনের চালক কামাল হোসেন (৩৫), ঝালকাঠির আলকাস রাঢ়ী (৪০), ফরিদপুরের আয়নাল শেখ (৬০), রেণু বেগম (৩৪), মাওলানা আব্দুল (২৯)।
আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
