ফরিদপুরে র্যাব - চরমপন্থি বন্দুকযুদ্ধে ২ চরমপন্থি গুলিবিদ্ধ, ৩ র্যাব সদস্য আহত, অস্ত্র উদ্ধার
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুরের বৈঠাখালী গ্রামে শনিবার বিকাল ৩টার দিকে র্যাবের সাথে চরমপন্থি নায়েব বাহিনীর মধ্যে প্রায় ৪০ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। এঘটনায় দুই চরমপন্থি সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
বন্দুকযুদ্ধ চলাকালে র্যাব সদস্যদের গুলি ফুরিয়ে গেলে, সন্ত্রাসীরা র্যাবের উপর হামলা চালিয়ে গ্রেপ্তারকৃত দুই চরমপন্থিকে ছিনিয়ে নেয়। এসময় সন্ত্রাসী ও গ্রামের মহিলাদের হামলায় তিন র্যাব সদস্য আহত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত র্যাব ও পুলিশ যৌথভাবে ওই এলাকা ঘিরে রেখে চরমপন্থিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।
র্যাব সূত্র জানায়, স্থানীয় চরমপন্থি নায়েব বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্যে শনিবার র্যাবের দুই সদস্য ছদ্মবেশে বৈঠাখালী গ্রামের নায়েব আলীর বাড়িতে যায়। এ সময় র্যাবের অন্য সদস্যরা অদূরে অবস্থান নেয়।
ছদ্মবেশী র্যাব সদস্য দুজন বাড়ির ভেতর অস্ত্রের দর দাম ঠিক করার একপর্যায়ে সন্ত্রাসীরা অন্য র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে হামলা চালায়।
সন্ত্রাসীরা র্যাবের ওপর বোমা নিক্ষেপের মুহূর্তে ছদ্মবেশী র্যাব সদস্যরা দুই সন্ত্রাসীকে জাপটে ধরে ফেললে ধ্বস্তাধস্তি শুরু হয়। এসময় অপর তিন সন্ত্রাসী র্যাবকে লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
এদিকে গুলির শব্দ শুনে সন্ত্রাসী নায়েব আলী ও তার আশে পাশের বাড়ির মহিলারা লাঠি শোঠা নিয়ে র্যাবের ওপর হামলা চালায়।
র্যাব জানায়, হামলার সময় নায়েব আলীর ভাই সাহেব আলীর এনজিও পল্লীকল্যান সংস্থা থেকে সাহেব আলীর নেতৃত্বে ৫০/৬০ জন মহিলা কর্মী র্যাবের ওপর ঝাপিয়ে পড়ে। সন্ত্রাসী ও মহিলাদের হামলায় এসময় র্যাবের তিন সদস্য আহত হয়।
বন্দুকযুদ্ধ চলাকালে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে কমপক্ষে ২০ রাউন্ড গুলিবর্ষণ করে, জবাবে র্যাব সদস্যরাও পাল্টা সাত রাউন্ড গুলিবর্ষণ করে। র্যাবের গুলিতে নায়েব আলীর ছোট ভাই শওকত আলী (২৬) ও তার ভাগ্নে সুমন (২৩) পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তবে মহিলাদের সহায়তায় আহত শওকত ও সুমনকে তার সহযোগী সন্ত্রাসীরা নিয়ে পালিয়ে যায়।
পরে তল্লাশী চালিয়ে র্যাব সদস্যরা নায়েব আলীর বাড়ি থেকে ১২ টি তাজা বোমা ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি রিভলবার উদ্ধার করে।
ঘটনার পর ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিলসহ র্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত র্যাব ও পুলিশ যৌথভাবে পুরো এলাকা ঘিরে রেখে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যহত রেখেছে।
