ঢাকা মহানগর পুলিশ কমিশনার মিজানুর রহমানসহ ২৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মিজানুর রহমানসহ ২৬ পুলিশ কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মারামারির অভিযোগে বুধবার ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে।
যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজিলাতুননেসা বাপ্পী মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি পূর্ব ঘোষিত রাজনৈতিক কর্মসূচীর অংশ হিসেবে মামলার বাদিসহ যুব মহিলা লীগের ৭০/৮০ জন নেত্কার্মী রাজধানীর পল্টন মোড়ে সমবেত হয়ে শান্তিপূর্ন মিছিল শুরু করেন।
এসময় পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিৎকার করে এসআই শাহানাকে বলেন, ‘এইগুলিকে মেরে চিৎ করে ফেল, উপরের নির্দেশ আছে, এদের একজন বা দু’জনকে মেরে ফেললে কিছুই হবে না।
নির্দেশ পাওয়া মাত্র এসআই শাহানাসহ অজ্ঞাতনামা ২২ জন মহিলা পুলিশ তাদের হাতে থাকা লাঠি দিয়ে মামলার বাদিসহ অন্য নেতাকর্মীদের মারতে শুরু করেন। এসময় কারো মাথা ফেটে যায়, কেউ কেউ পিঠ, বুক ও হাটুতে প্রচণ্ড ব্যাথা পান। এসআই শাহানা এসময় বাদির গলা চেপে ধরেন।
পরে খোঁজ নিয়ে মামলার বাদি জানতে পারেন যে, ঘটনার দুই দিন আগে বিকেল ৪টায় পুলিশ কমিশনার মিজানুর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা একটি ব্রিফিং প্যারেড করেন। মহিলা যুব লীগকে ১৫ ফেব্রুয়ারি কোনও মিছিল বা সমাবেশ করতে না দেওয়ার জন্য প্যারেডে নির্দেশ দেওয়া হয়।
শুনানির পর ম্যাজিস্ট্রেট সৈয়দ মুজিবুল হক বিষয়টির উপর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
মামলার অন্য আসামীরা হলো অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহম্মদ, ডিসি দক্ষিণ মাজাহারুল ইসলাম, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এসআই শাহানা এবং অজ্ঞাতনামা তিনজন এসআই, দুজন এএসআই ও ১৫ জন কনস্টেবল।
