২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিবিজ্ঞান সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান বিনিময় করবে চীন

বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চীন ব্রহ্মপুত্র নদের পানিবিজ্ঞান সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান বিনিময় করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক পানি সম্পদের ব্যাপারে সহযোগিতা জোরদার সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য সোমবার বেইজিংয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে উত্থাপন করা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষে পানিসম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ এবং চীনের প্রতিনিধি দলের পক্ষে পানিসম্পদ মন্ত্রী ওয়াং শুচেং নেতৃত্ব দেন।

দু’ দেশের মন্ত্রী পরিসংখ্যান বিনিময় আরও দ্রুততর করার ব্যাপারে একমত প্রকাশ করেছেন। ব্রহ্মপুত্র নদের পরিসংখ্যান ও তথ্য বিনিময়ের ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থাগুলো শিগগিরই কাজ শুরু করবে বলেও তারা সিদ্ধান্ত নেন।

বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কতা ব্যবস্থা আরও জোরদার এবং পানিসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে চীন প্রযুক্তি ও বিশেষজ্ঞ দিয়ে সহযোগিতা করার প্রস্তাব রেখেছে।

মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে পরবর্তীতে সচিব পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সচিব পর্যায়ের বৈঠকে পানিসম্পদের যথাযথ ব্যবহার ও ব্যবস্থাপনার ব্যাপারে সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করা হবে।