২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বাংলাদেশীর ২১ লাখ টাকা আত্মসাতের দায়ে ঘানার নাগরিক গ্রেপ্তার

প্রতারণার মাধ্যমে চার বাংলাদেশী যুবকের কাছে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে ঘানার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

গ্রেপ্তারকৃত ওই ঘানার নাগরিকের নাম হাম ফ্রে (৩৫)। পুলিশ তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করেছে।

প্রতারণার শিকার চার যুবকের একজন রাজধানীর মীরপুর এলাকার ১০/১ সেনপাড়া, পর্বতার বাসিন্দা জুনায়েদ ইবনে রায়হান হাম ফ্রে’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সোমবার রাতে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।

রায়হানের অভিযোগ, আমেরিকান ভিসা পাওয়ার জন্যে তারা হাম ফ্রে ও তার সহযোগী জোনাথন জনসনকে ২৩ ফেব্রুয়ারি ওই টাকা নগদ প্রদান করে। জনসন ইতোমধ্যে বাংলাদেশ ত্যাগ করেছে।

ই-মেইলের মাধ্যমে তারা ঘানার ওই নাগরিকের সাথে যোগাযোগ করে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন উর রশিদ বিডিনিউজকে জানান, গুলশান ২ এর একটি ফাস্টফুড ও বার ‘টপ ক্যাপি’ থেকে হাম ফ্রে’কে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা জানান, ঘানার ওই নাগরিক ১০ জানুয়ারি বাংলাদেশে আসে। তবে সে বাংলাদেশে আসার উদ্দেশ্য জানায়নি এবং তার পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রও দেখাতে পারেনি।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, ১৫০ টাকার স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ঘানার ওই নাগরিক বাংলাদেশের চার যুবকের কাছ থেকে টাকা নেয়।