রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তাহের হত্যার বিচার দাবিতে আন্দোলন অব্যাহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের প্রবীণ শিক্ষক ড. তাহের হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।
ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মঙ্গলবার অবিলম্বে ড. তাহের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।
বিভাগীয় শিক্ষক ড. তাহের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ভূ-তত্ব ও খনি বিদ্যা বিভাগে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলেও শিক্ষার্থীরা জানান।
এদিকে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে শিবির নেতা-কর্মীরা মঙ্গলবার থেকে ক্যাম্পাসে জনমত গঠন কর্মসূচি শুরু করেছে। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ড. তাহের হত্যার বিচার চাই এবং ছাত্র শিবির সভাপতি সালেহীকে নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না’।
শিবিরের এই কর্মসূচিতে ক্যাম্পাসে বিরূুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, যেখানে হত্যাকাণ্ডের সাথে শিবির সভাপতি সালেহী জড়িত বলে মামলার আসামিরা স্বীকারোক্তি দিয়েছে, সেখানে এধরনের দাবি হাস্যকর।
অন্যদিকে ড. তাহের হত্যার প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িত শিবির সভাপতি সালেহীর গ্রেপ্তার দাবিতে প্রগতিশীল ছাত্রজোট নেতা-কর্মীরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার উদ্দেশে ক্যাম্পাসে লিফলেট বিতরণ শুরু করেছে।
হত্যার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে শিবির সভাপতি সালেহীকে পুলিশ মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
