বানারীপাড়ায় উন্নয়নকর্মীদের ওপর যুবদলের হামলা
বরিশালের বানারীপাড়া উপজেলার রায়েরহাট এলাকায় সোমবার বিকেলে যুবদল ক্যাডারদের হামলায় ১০জন উন্নয়ন কর্মী আহত হয়েছেন।
একটি পুকুর ভরাটের প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র কর্মীরা এক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে রায়েরহাট নামক স্থানে পৌঁছালে যুবদলের এ হামলার শিকার হয়।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) ম্যানেজার অ্যাডভোকেট বিপ্রবেদান্তি জানান, বানারীপাড়ার সাংসদ হুইপ শহিদুল হক জামাল পুকুর ভরাট করে ভবন নির্মাণ শুরু করলে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর বেলার পক্ষ থেকে এ প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়।
বেলা’র কর্মকর্তারা অভিযোগ করে বলেন, হুইপ শহীদুল হক জামালের নেতৃত্বে যুবদল ক্যাডাররা তাদের ওপর হামলা চালালে আইনজীবী সুভাষ দাস, উন্নয়নকর্মী শওকত হোসেন সজলসহ কমপক্ষে ১০ জন আহত হয়। হামলার কারণে মানববন্ধন কর্মসূচি বাতিল হয়ে যায়।
