জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন মঙ্গলবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনিবাহী পরিষদ-২০০৬ এর নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। শিক্ষকরা নির্বাচন নিয়ে ব্যস্ত হয় পড়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে।
জানা গেছে, নির্বাচনের প্রার্থীরা জোটবদ্ধ হয়ে প্রত্যেক শিক্ষকদের রুমে গিয়ে ভোট চাইছেন। এমনকি ঢাকায় বসবাসরত শিক্ষকদের বাসায়ও যাতায়াত করছেন। নির্বাচনে উপাচার্যপন্থি শিক্ষকরা সম্মিলিত প্যানেল, উপাচার্য বিরোধী শিক্ষকরা শিক্ষক ঐক্য প্যানেল এবং বামধারার কয়েকজন শিক্ষক মঞ্চ প্যানেল নামে তিন ভাগে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চালাছেন।
উপাচার্যপন্থি সম্মিলিত প্যানেলে সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার (পরিসংখ্যান বিভাগ), সহ সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান (প্রত্নতত্ত্ব) এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব কবির (রসায়ন) সহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপাচার্য বিরোধী শিক্ষক ঐক্য প্যানেলে সভাপতি অধ্যাপক মো. আবুল হোসেন (পদার্থ বিজ্ঞান), সহ সভাপতি অধ্যাপক ফিরোজা হোসেন (উদ্ভিদ বিজ্ঞান) এবং সাধারণ সম্পাদক ড. মো. মশিউর রহমান (পরিসংখ্যান) সহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বামপন্থি শিক্ষক মঞ্চ প্যানেলে সভাপতি অধ্যাপক মুহাম্মদ আনিসুর রহমান (অর্থনীতি) এবং নির্বাহী সদস্য পদে মো. জহির রায়হান (দর্শন) ও সাঈদ ফেরদৌস (নৃ-বিজ্ঞান) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১৫ টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক অধ্যাপক মেসবাহ-উস-সালেহীন। নির্বাচনে মোট ৩৩৩ জন শিক্ষক ভোট প্রদান করবেন।
