২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রলার ডুবিতে ১ জনের মৃত্যু: উদ্ধার অভিযান চলছে

বরিশালের চরমোনাইয়ের ওরস শেষে বাড়ি ফেরার পথে কীর্তনখোলা নদীতে সোমবার সকালে ট্রলার ডুবিতে একজন নিহত হয়েছে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 12:29 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

এ পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলারটি চরমোনাই থেকে বরিশাল যাচ্ছিল।

মৃত ব্যক্তির নাম নুর মোহাম্মদ (৬০)। তার বাড়ি শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার লুমসিংহ গ্রামে। সোমবার বাদ জোহর চরমোনাই মাহফিল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরী থেকে প্রায় ১০ কিমি দূরে চরমোনাই মাহফিলে সোমবার সকাল ৮টায় আখেরি মোনাজাত শেষ হয়। মোনাজাত শেষে প্রায় ২০ লাখ লোক মাহফিল ত্যাগ করছিলেন। মোনাজাতের পর মাহফিলস্থল থেকে একটি লঞ্চ ছেড়ে যাওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে কীর্তনখোলা নদীতে দুই শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।

চরমোনাইয়ের ওরস শরীফের মিডিয়া সেলের সমন্বয়কারী শহীদুল ইসলাম কবীর বিডিনিউজকে জানান, ট্রলার ডুবির পর দুই তৃতীয়াংশ যাত্রী সাঁতরে তীরে উঠে আসতে পেরেছে।

তবে চরমোনাই পীরের ছেলে মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জানান, কতজন মুরিদ নিখোঁজ রয়েছে তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এ বছর প্রায় পাঁচ শতাধিক লঞ্চ ও ট্রলারযোগে দেশের বিভিন্ন স্থান থেকে ২০ লক্ষাধিক মুরিদের সমাগম ঘটেছিল।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে ট্রলার ডুবির ঘটনা ঘটলেও বরিশাল ফায়ার স্টেশনের জলযান ঘটনাস্থলে এসে পৌঁছে দুপুর দেড়টায়। ফায়ার স্টেশনের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। যে স্থানে ট্রলারটি ডুবেছে সেখানে ৩৫ থেকে ৪০ ফুট পানি রয়েছে।

ফায়ার স্টেশনের সাথে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতায় অংশ নেয়। দুপুর ১টার দিকে বিআইডব্লিউটিএ’র একটি দল উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

তবে এ ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।