সুশাসন প্রতিষ্ঠায় সরকার বিচার বিভাগকে আলাদা করার উদ্যোগ নিয়েছে: এলজিআরডি মন্ত্রী
দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন ও বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের উদ্যোগ নিয়েছে।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সুবর্ণজয়ন্তী সম্মেলনের ‘সুশাসন ও প্রকৌশল’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, সুশাসন নতুন কোনও বিষয় নয়, সুশাসনের মূল বিষয় হলো সততা, স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ববোধ।
মন্ত্রী বলেন, আমাদের আচারণে যখন এসব বিষয়ের ঘাটতি দেখা দেয়, তখন সুশাসনের ঘাটতি হয় এবং তখনই দেশে সুশাসনের সমস্যা দেখা দেয়।
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সেমিনারের বিভিন্ন কারিগরি অধিবেশনে থেকে যে সকল সুপারিশমালা সংকলিত আকারে সরকারের নিকট পেশ করা হবে সেগুলো সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে তিনি জানান।
মন্ত্রী এ ধরনের সেমিনারের উদ্যোগ গ্রহণ করায় আইইবি’র পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে ব্রাক বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. আকবর আলী খান, আইইবি’র সভাপতি ড. আনোয়ারুল আজীম ও সাধারণ সম্পাদক আ.ন.ম. আখতার হোসাইন, জালাল উদ্দিন মোহাম্মদ আবদুল হাই।
