২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে শিশুদের জন্যে ভিসা আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন

এখন থেকে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে নতুন ভিসা আইনের মুখোমুখি হতে হচ্ছে শিশুদের। সোমবার ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 03:34 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

এই নতুন আইন এবছরের ১২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

আইনটিতে বলা হয়েছে এখন থেকে যুক্তরাজ্যে কোন শিশু একক বা প্রাপ্তবয়স্ক কারো সাথে ভ্রমণ করছে কি না বিষয়টি সুস্পষ্ট ভাবে ভিসা আবেদনে উল্লেখ করতে হবে। ভ্রমণকারী প্রাপ্তবয়স্ক সঙ্গীদেরকেও নতুন আইন অনুযায়ী ভিসা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে কেবল ওই শিশুটির সাথে ভ্রমণ করলে ভিসাটি কার্যকর বলে গণ্য হবে।

উভয় ক্ষেত্রেই শিশুদের যুক্তরাজ্যে অবস্থানকালীন নিরাপত্তার জন্যে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে-নিশ্চিত করে তবেই শিশুটিকে প্রবেশের অনুমতি দেয়া হবে।

প্রতিটি শিশুর জন্যই আলাদা ভাবে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতিপত্র নিতে হবে। যুক্তরাজ্যে প্রবেশের জন্য কোন শিশুর জন্য যখন বাবা মা বা তার অভিভাবক ভিসার আবেদন করবে, তখন আবেদনে উল্লেখ করতে হবে ওই শিশু একা যাচ্ছে নাকি, তাদের মনোনীত প্রাপ্তবয়স্ক সঙ্গীর সাথে যাচ্ছে।

প্রাপ্তবয়স্ক ওই সঙ্গীকে সনাক্ত করার জন্যে শিশুটির প্রবেশ অনুমতি পত্র তার ভিসার সাথে সংযুক্ত করতে হবে। অন্যথায় ওই অনুমতিপত্র যুক্তরাজ্যে প্রবেশের জন্য গ্রহণযোগ্য হবেনা।

নতুন এই আইন যুক্তরাজ্যে শিশুদের অবস্থানকালীন তাদের নিরাপত্তা বিধান করতে আরো সহায়তা করবে বলে যুক্তরাজ্য কর্তৃপক্ষ আশা করছে।