২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তেজগাঁওয়ের ধসে পড়া ভবনের উদ্ধারকাজে বিশৃঙ্খলা

তেজগাঁওয়ে শনিবার ধসে পড়া বহুতল ভবনের উদ্ধার কাজে উন্নত যন্ত্রপাতির ব্যবহারের অভাবে উদ্ধার তৎপরতায় চরম বিশৃঙ্খল অবস্থা বিরাজ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

দুর্ঘটনার পরপরই এ ধরণের ধসের পর উদ্ধারের জন্যে উপযোগী সরঞ্জাম ও সঠিক দিক নির্দেশনার অভাবে উদ্ধার কাজ তাৎক্ষনিকভাবে শুরু করা যায়নি।

এছাড়া সরু রাস্তা উদ্ধার তৎপরতায় ব্যাঘাত সৃষ্টি করে। উদ্ধারকর্মীরা সরু রাস্তা দিয়ে ধ্বংসপ্রাপ্ত ভবন পর্যন্ত যেতে চরম অসুবিধার মুখে পড়ে।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং অন্যান্য কর্মকর্তারা এই ধরণের দুর্ঘটনা মোকাবেলায় উন্নত সরঞ্জামের অভাবের বিষয়টি ঘটনাস্থলে উপস্থিত থেকে লক্ষ্য করেন ।

সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, তার মন্ত্রণালয় এই ধরণের দুর্ঘটনা মোকাবেলা করতে উন্নত সরঞ্জাম কেনার জন্যে একটি প্রস্তাব দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় কিছু লোক ভবনের ভেতর ও ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়াদের উদ্ধার করতে এগিয়ে আসেন।

পরবর্তীতে বেশ কয়েকটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসেন কিন্তু উন্নত প্রযুক্তি না থাকায় সাধারণ মানুষের মতো তারাও অসহায় বোধ করেন।

ডিসিসি থেকে দুটি বুলডোজার দ্রুত ঘটনাস্থলে নিয়ে আসা হলেও ততক্ষণে দুই ঘন্টা পেরিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে বুলডোজার আনার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন।

ধ্বংসাবশেষ তুলে নিতে অনেকগুলো যানবাহন অপেক্ষমান থাকলেও ধ্বংসস্তুপ সরানোর কোনও যন্ত্র সেখানে ছিল না।

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার নিজাম ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রীদের কংক্রিট কাটার যন্ত্রপাতি দরকার বলে জানান।

পরবর্তীতে লুৎফুজ্জামান বাবর স্থানীয় এমপি মোসাদ্দেক আলী ফালুকে প্রয়োজনীয় যন্ত্রপাতি আনার ব্যবস্থা করার নির্দেশ দেন।