২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম প্রতিরোধে দেশব্যাপী শুরু হয়েছে ইতিহাসের বড় অভিযান

হাম প্রতিরোধে সরকার শনিবার থেকে দেশব্যাপী একযোগে ইতিহাসের সবচে বড় টিকাদান কর্মসূচি শুরু করেছে। তিন সপ্তাহ ধরে এ অভিযান চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আমেরিকান রেডক্রস, জাতিসংঘ তহবিল, সিডিসি এবং জাপান সরকার এই কর্মসূচির জন্যে অর্থ সহায়তা দিচ্ছে। বিশ্বের সবচে বড় এ টিকাদান কর্মসুচি ১৬ মার্চ শেষ হবে।

জনস্বাস্থ্য প্রকল্পে এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কর্মসূচি। এ কর্মসূচিতে ৫০ হাজারের মত দক্ষ স্বাস্থ্যকর্মী ও সাড়ে সাত লাখ স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন। দেশের ৬২টি জেলা ও পাঁচটি সিটি কর্পোরেশন এলাকায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আয়োজকরা আশা করছেন, ২০ দিনের এ কর্মসূচির মাধ্যমে নয় মাস থেকে ১০ বছর বয়সী তিন কোটি ৩৫ লাখ শিশুকে টিকা দেওয়া সম্ভব হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন শনিবার সকালে ঢাকা শিশু হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আমেরিকান রেডক্রস, জাতিসংঘ তহবিল, সিডিসি এবং জাপান সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে দেশবাসীর প্রতি হাম প্রতিরোধ অভিযান সফল করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি লুই জর্জেস আর্সেনাল্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. দুয়াংভ্যাদে সুংখবল পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, অভিযান সফল করতে সকল সরকারি ও বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের অংশগ্রহণ ও সহায়তা প্রয়োজন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, মৃত্যু হার কমাতে এবং হামের কারণে সৃষ্ট জটিলতা এড়াতে এ ধরনের অভিযান খুবই জরুরী।

তিনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ অভিযান সফল করার জন্যে সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি লুই জর্জেস আর্সেনাল্ট তার বার্তায় বলেন, তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং হাম প্রতিরোধের এ অভিযানে তাদের সাথে অন্যান্য উন্নয়ন অংশীদাররাও অংশ নিয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তিন কোটি ৩৫ লাখ শিশুকে এ কর্মসূচির আওতায় টিকা প্রদানের জন্যে চার কোটি হামের টিকা, চার কোটি ওয়ানটাইম সিরিঞ্জ, পুনরায় ব্যবহারযোগ্য চার কোটি সিরিঞ্জ এবং দুই লাখ সেফটি বক্স তৈরি ক্রয় ও বিতরণ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. দুয়াংভ্যাদে এক বার্তায় বলেন, জনস্বাস্থ্য প্রকল্পের আওতায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এ কর্মসূচি শিশু স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুরা যেসব রোগে আক্রান্ত হয়ে মারা যায়, হামের তার মধ্যে পঞ্চম।

ইউনিসেফের মতে, বাংলাদেশে প্রতি বছর হামের কারণে ২০ হাজার শিশু মারা যায়।