২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেটিএস গার্মেন্টস ট্রাজেডি: চিকিৎসায় নেই কোনও সমন্বয়, ৬ জনকে ঢাকায় আনা হচ্ছে

চট্টগ্রামে কেটিএস গার্মেন্টসে অগ্নিকাণ্ডে গুরুতর আহত শ্রমিকরা সমন্বিত চিকিৎসা কার্যক্রমের অভাবে দুর্ঘটনার ৪০ ঘন্টা পরও সংকটজনক অবস্থায় রয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জনের মধ্যে আটজনের অবস্থা সংকটাপন্ন। এদের মধ্যে একজনকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে।

চমেক হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুর প্রহর গুনছেন আল আমিন (৪০), প্রিয়কা নাথ (২০) এবং মোঃ হাসান (৩০)। এদের মধ্যে আল আমিনকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে।

এদিকে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে শনিবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে ড. শামসুদ্দিনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা সহায়তা দিতে সিএমসিএইচে পৌঁছালেও তারা তেমন কোন ভূমিকা রাখেননি।

চামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক রিকনষ্ট্রাকটিভ সার্জারি সেন্টারের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমদ বলেন, এদের মধ্যে কিছু রোগীকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার ব্যাবস্থা করা গেলে তাহলেই তারা সেরে উঠবেন। তবে যাদের দেহের ৫০ ভাগ ঝলসে গেছে, তাদেরকে পৃথিবীর কোথাও কেনো চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ্য করে তোলা সম্ভব নয়।

এদিকে চমেক হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলে জানা যায়, তাদেরকে কেউ এখন পর্যন্ত কোন প্রকার চিকিৎসা সহায়তা দেয়নি। আর হতদরিদ্র পরিবারের সন্তান এই আহত গার্মেন্টস কর্মীরা ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

অন্যদিকে আহত যে সকল শ্রমিকদের পরিবারের সদস্যরা প্রিয় স্বজনকে ফিরে পেয়েছেন তারা বিড়ম্বনায় পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জন্যে কোনও পাসের ব্যাবস্থা না করায়, তারা হাসপাতালে ঢুকতে ও বের হতে সমস্যার মুখে পড়ছেন।

সুযোগ পেয়ে রোগীদের গেট পাস নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিশাল বাণিজ্যও এখন বেশ রমরমা। আর বর্তমানে কেটিএস গার্মেন্টস অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ রোগী ও তাদের স্বজনরা এই বাণিজ্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালে ভর্তি নাম প্রকাশ না করার শর্তে অগ্নিদগ্ধ এক কিশোরী জানায়, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে, তার মা এখন পর্যন্ত বাড়ি যেতে পারেনি। এমনকি পানি আনার জন্যে পর্যন্ত বাইরে যেতে দেওয়া হয়না। গেট পাসের জন্যে সংশ্লিষ্ট ওয়ার্ড বয় ১১০ টাকা দাবি করেছে, ওই টাকা তাদের পক্ষে কোনও ভাবেই দেওয়া সম্ভব না বলে কিশোরীটি জানায়।

হাসপাতালের ২৭ নং ওয়ার্ডে পর্দা দিয়ে ঘিরে রাখা হয়েছে আগুনে ঝলসে যাওয়া চারজনকে। এদের মধ্যে নূরজাহান (২৫) এর সারা মুখ ও দেহের ৫০ ভাগ, মুনমুন (২০) এর মুখসহ দেহের ৮০ ভাগ, নাসিমার (২৮) মুখসহ দেহের ৭০ শতাংশ এবং ঝুমকির (১৮) মুখসহ দেহের ৭০ শতাংশ পুড়ে গেছে।

কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাদের বাঁচার সম্ভবনা খুবই ক্ষীন।

অন্যদিকে অপারেশন থিয়েটারে দীপা (১৭) এবং কামরুন নাহারকে (২০) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের দুজনের সম্পূর্ন মুখসহ দীপার দেহের ৩০ শতাংশ এবং কামরুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে।

এদিকে অগ্নিদগ্ধ সংকটাপন্ন ছয় রোগীকে নিয়ে ছয়টি অ্যাম্বুলেন্স শনিবার রাত ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দিচ্ছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বেড খালি না থাকায় অন্য দুইজন মারাত্মক দগ্ধ রোগীকে পরে পাঠানোর সিধান্ত নেন ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ ড. শামসুদ্দিন আহমেদ।

চমেক হাসপাতালের ২৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন এই ছয়জন রোগীর প্রত্যেকের জন্যে একজন করে নার্স এবং প্রতি দুইজনের জন্যে একজন চিকিৎসকসহ ছয়টি অ্যাম্বুলেন্সযোগে ঢাকা রওনা হবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য ড. মতিয়ার রহমান বলেন, ভোরে ঢাকা পৌঁছৈই যাতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে রোগীদের ভর্তি করতে পারি এজন্যে রাত ২টায় রওয়ানা দেওয়া হচ্ছে।