বাগেরহাটে সার বিতরণকালে সংঘর্ষ, কৃষকসহ আহত ১০
বাগেরহাটের মোল্লারাহাটে শনিবার সকালে সার বিতরণকালে চোরাকারবারীদের সাথে সংঘর্ষে কৃষক ও ডিলারসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মোল্লারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবারের সংঘর্ষের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জনান, বাগেরহাট জেলা মনিটরিং সেলের সিদ্ধান্ত অনুযায়ী সকালে মোল্লারহাটে সার বিতরণ করা হচ্ছিল। এসময় কৃষকদের সারিতে দাঁড়িয়ে কৃষক নয় এমন কিছু ব্যক্তি সার নিতে থাকলে কৃষকরা এর প্রতিবাদ জানান। এক পর্যায়ে কৃষকদের সাথে তাদের সংঘর্ষ হয়।
এসময় ১০ জন আহত হয়। আহতরা হচ্ছে- জাকির মোল্লা (৩৫), মিরাজ শেখ (৩৬), আজাদ সিকদার (৩২), কামরুল শেখ (২২), টুনু মোল্লা (৪০) ও সারের ডিলার শহীদ মেহফুজ মোল্লা (৫০)।
বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তফা কামাল জানান, ঘটনার সময় তাৎক্ষণিকভাবে সার বিতরণ বন্ধ করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে পৃথক ঘটনায় শুক্রবার চিতলমারী থেকে চোরাকারবারীদের মজুদ করা ১৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ সময় মজুদকারী দোকানের মালিক জাহাঙ্গীর আলমকে পুলিশ গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নীতিশ কুমার হালদার এই সার উদ্ধার করেন।
